সেতু আছে সড়ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুটি নির্মাণ করা হয় গত বছর মে মাসে। সংযোগ সড়ক নির্মাণ করা হয় এ বছরের জানুয়ারিতে। কিন্তু দুই দফা বন্যায় তলিয়ে গেছে সড়ক। এখন সেতু আছে সড়ক নেই। ফলে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের হাইটুপী-খেনচর ঘোনা সড়কে বন্ধ রয়েছে যোগাযোগ।সরেজমিনে দেখা গেছে, বন্যায় সেতুর সংযোগ সড়কের দুই পাশের প্রায় ৪০০ ফুট মাটি সরে গেছে। মটি সরে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পাঁচটি গ্রাম—হাইটুপী, ভূতপাড়া, উখিয়ারঘোনা, পূর্ব মেরংলোয়া তলিয়াপাড়া, খেনচর ঘোনার প্রায় ৫০ হাজার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা তিন-চার কিলোমিটার দূরের বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য গোলাম ছোবহান ও ব্যবসায়ী ওবাইদুল হক জানান, গত ১৫ জুলাই থেকে এ সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। তচ্ছাখালী, খেনচরঘোনা, লট উখিয়ারঘোনা এলাকার অনেক শিক্ষার্থী এ সড়ক দিয়ে রামু কলেজ, রামু খিজারী উচ্চবিদ্যালয়, রামু বালিকা উচ্চবিদ্যালয়, মেরংলোয়া রাহমানিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের এখন প্রায় পাঁচ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ ছাড়া স্থানীয় কবরস্থানটি সেতুর ওপারে খেনচরঘোনা এলাকায় হওয়ায় মরদেহ দাফনে কষ্ট হচ্ছে। ভূতপাড়ার বাসিন্দা মিজানুল হক জানান, এ সড়কে এবং ভূতপাড়ায় বিভিন্ন বসতঘরে গত এক বছরে অন্তত পাঁচবার ডাকাতি হয়। কিন্তু সড়কটি চালুর পর যান চলাচল শুরু হওয়ায় চুরি-ডাকাতি অনেকাংশে কমে আসে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বর্তমানে ভূতপাড়া ও খেনচর ঘোনা—দুই পাড়ার মানুষ আবার চুরি-ডাকাতির আতঙ্কে ভুগছেন।’ ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘বন্যায় সেতুর সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে আছে। ফলে এলাকার লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে।’জানা গেছে, গত বছরের মে মাসে এ সেতুর নির্মাণকাজ শেষ হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে ব্যয় হয় সাড়ে ১৮ লাখ টাকা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘বন্যার পরে এখনো নতুন বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলেই সড়ক সংস্কারের জন্য প্রকল্প দেওয়া হবে।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে তো মানুষের কোনো হাত নেই। বন্যায় সড়ক ভেঙে গেছে। এটি নির্মাণে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’