সেতু চালুর সাড়ে আট বছর পরও ফেরি পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈলারদ্বীপ সেতু চালুর সাড়ে আট বছর পার হলেও আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের ফেরি দুটি নিয়ে যায়নি সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ফেরি পাহারায় সওজের তিনজন শ্রমিক নিয়োজিত থাকলেও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ইতিমধ্যে একটি ফেরি নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিলামের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সওজ সূত্র জানায়, ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনোয়ারা-বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের ওপর নির্মিত তৈলারদ্বীপ সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করেন। কিন্তু সাড়ে আট বছর পার হলেও এখনো সেতু এলাকা থেকে ফেরি দুটি নিয়ে যায়নি সওজ। ফেরি পাহারায় তিনজন শ্রমিক থাকলেও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বর্তমানে একটি ফেরি নষ্ট হয়ে গেছে আর অপরটি নষ্ট হতে চলেছে।
ওই সূত্র আরও জানায়, আশির দশকে সরকার আনোয়ারা-বাঁশখালীর মানুষের পারাপারের জন্য তৈলারদ্বীপ-চানপুর নৌঘাটে ফেরি চালু করে। ২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফেরিঘাটসংলগ্ন এলাকায় সেতুর নির্মাণকাজ শুরু করে। ওই বছর ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে ২০০৬ সালের ২৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করে যাতায়তের জন্য খুলে দেন। বর্তমানে সাড়ে আট বছর পার হয়ে গেলেও সওজ ফেরি দুটি নিয়ে যায়নি।
ফেরি পাহারায় নিয়োজিত শ্রমিক মোহাম্মদ ফজলু বলেন, ‘সেতু চালুর পর থেকেই আমরা তিনজন ফেরিগুলো পাহারায় আছি। দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় বর্তমানে এগুলো নাজুক হয়ে পড়ছে।’ এ ব্যাপারে সওজর নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় পড়ে থাকায় ফেরি দুটির অবস্থা খুব নাজুক। তাই একটি নিলামের জন্য সুপারিশ করা হচ্ছে। অপর ফেরিটির অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে।