রাঙামাটিতে একটি সেতু নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও আনোয়ারা মহসীন নামের এক নারী। আনোয়ারা মহসীনের দাবি, সেতুটি তাঁর জায়গার ওপর নির্মিত হচ্ছে। এ কারণে নির্মাণকাজ বন্ধ করতে তিনি উন্নয়ন বোর্ডকে নোটিশ পাঠিয়েছেন। অপর দিকে উন্নয়ন বোর্ডের দাবি, সেতুটি সরকারি জায়গার ওপর নির্মিত হচ্ছে।রাঙামাটি শহরের পুরানবস্তি ও ঝুলুক্ক্যা পাহাড় সংযোগ করতেই এই সেতু নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। আনোয়ারা মহসীন অভিযোগ করেন আদালতে বিষয়টি বিচারাধীন থাকার পরও গত ২৩ ফেব্রুয়ারি রাঙামাটি সফরের সময় প্রধানমন্ত্রীকে দিয়ে ওই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছে উন্নয়ন বোর্ড। উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ উকিল নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে সেতুটি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর নির্মিত হচ্ছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।রাঙামাটির রিজার্ভ বাজার এক নম্বর পাথরঘাটার বাসিন্দা আনোয়ারা মহসীন গত ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন বলে দাবি করেন। তাঁর পক্ষে রাঙমাটি মুখ্য বিচারিক হাকিম আদালতের আইনজীবী মোখতার আহম্মদ এ উকিল নোটিশ পাঠান। আনোয়ারা মহসীন অভিযোগ করেন, প্রস্তাবিত সেতু নির্মাণ করা হলে তাঁদের পারিবারিক স্থাপনা নষ্ট হবে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ ছাড়া জনসাধারণকে অনেকটা পথ ঘুরে চলাচল করতে হবে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ জানান, আনোয়ারা মহসীনের পক্ষে দাখিল করা জায়গার মানচিত্র অনুযায়ী তাঁর কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে না। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড ও জেলা প্রশাসনের জায়গার ওপর সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করা হবে।