সেতু নির্মাণের এক বছরেও হয়নি সংযোগ সড়ক
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ির পাহাড়ি ঝরনার (ছড়া) ওপর সেতু নির্মাণ করার এক বছর পরও সংযোগ সড়ক হয়নি। এতে ওই ইউনিয়নের ছয়টি গ্রামের মানুষ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের অর্থায়নে সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক তৈরি করার কথা ছিল ইউনিয়ন পরিষদের। তবে বরাদ্দ না থাকায় এখনো সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি ছড়ার ওপর একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে । কিন্তু সেতুর দুই পাশে কোনো সড়ক নেই। স্থানীয় বাসিন্দারা ছোট্ট একটি জমির আইল দিয়ে চলাচল করে। সেতুর দুই পাশে সড়ক না থাকায় জারুলছড়ি এলাকার নন্দলাল কারবারিপাড়া, নিরদা রঞ্জন কারবারিপাড়া, মাইচ্যাপাড়া, দজরপাড়া, মঙ্গল বিকাশ কারবারিপাড়া ও রবিচন্দ্র কারবারিপাড়ার ৫০০ পরিবার যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে।
নতুনচন্দ্র কারবারিপাড়ার বাসিন্দা নতুনচন্দ্র চাকমা বলেন, ‘আগে আমাদের সবচেয়ে বড় দুর্ভোগ ছিল জারুলছড়ি ছড়ার ওপর সেতু না থাকা। তখন শুষ্ক মৌসুমে সঁাকো দিয়ে ছড়া পার হয়েছি। বর্ষায় তো এক প্রকার বন্দী হয়ে থাকতাম। সেতু হওয়ায় এখন ছড়াটা পার হতে পারছি। গত বছর সেতুটি নির্মাণ হয়েছে।
আমরা খুশি হয়ে ভেবেছিলাম সংযোগ সড়কও হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেতুর দুই পাশে কোনো সড়ক নির্মাণ করা হয়নি। আমরা জমির আইল দিয়ে বাগান ও খেতে উৎপাদিত পণ্য মাথায় নিয়ে চলাচল করি। সেতুর দুই পাশে সড়ক নির্মাণ করা না হলে সেতুটি আমাদের তেমন উপকারে আসবে না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, ত্রাণ ও দুর্যোগ অধিপ্তরের অর্থায়নে কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় ২০১২-২০১৩ অর্থবছরে জারুলছড়ি ছড়ার ওপর ৪০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। সেতুটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। কিন্তু ওই প্রকল্পে সড়ক নির্মাণের জন্য কোনো বরাদ্দ ছিল না। তাই সেতুর দুই পাশে সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।
পঁাচ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, জারুলছড়ি এলাকার ছয় গ্রামের মানুষের যাতায়াত দুর্ভোগের শেষ নেই। গত বছর জারুলছড়ি ছড়ার ওপর সেতু নির্মাণ করা হয়। কিন্তু সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। সেতুর দুই পাশে সড়ক নির্মাণে অনেক টাকা বরাদ্দের প্রয়োজন। ইউনিয়ন পরিষদ বার্ষিক যে বরাদ্দ পায় তাতে সেতুর দুই পাশে সড়ক নির্মাণ সম্ভব নয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।