সেতু নির্মাণের ১৮ বছরেও হলো না সংযোগ-সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের পিত্তিনালা ছড়ার ওপর সেতু নির্মিত হয়েছিল ১৮ বছর আগে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫০ লাখ টাকায় ব্যয়ে এই সেতু নির্মাণ করলেও এত বছরেও সংযোগ-সড়ক তৈরি হয়নি। ফলে নির্মাণের পর থেকে এখনো অব্যবহূত পড়ে আছে সেতুটি। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর মারিশ্যা ইউনিয়নের সঙ্গে তুলাবান-কদমতলীসহ ১০-১২টি গ্রামের যোগাযোগ স্থাপনের জন্য সেতুটি নির্মাণ করা হয়। ১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিত্তিনালা ছড়ার ওপর ১৬ ফুট প্রস্থ ও ১৫০ ফুট লম্বা সেতু নির্মাণ করে। এতে ব্যয় হয় ৪৮ লাখ ৫৬ হাজার ৩৯০ টাকা। তবে নির্মাণের পর সংযোগ-সড়ক তৈরির উদ্যোগ না নেওয়ায় সেতুটি কাজে আসছে না। স্থানীয় বাসিন্দারা জানান, তুলাবান এলাকার লোকজনকে উপজেলা সদরে যাতায়াত করতে হয় পাহাড়ি ছড়ার ওপর দিয়ে। যোগাযোগ সহজ করার জন্য এলজিইডি পিত্তিনালা ছড়ার ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ১৯৯৪ সালে দরপত্র আহ্বানের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতাক্ষ এন্টারপ্রাইজ সেতু নির্মাণের কাজ পায়। এক বছর পর ১৯৯৫ সালের ফেব্রুয়ারি মাসে সেতুর নির্মাণকাজ শেষ হয়। প্রায় দেড় দশক ধরে কোনো রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।সরেজমিনে দেখা গেছে, সেতুর বেশ কয়েকটি রেলিং ও পিলারে ফাটল ধরেছে। এ ছাড়া সেতুসংলগ্ন মারিশ্যা ও পিত্তিনালা এলাকার কাঁচা রাস্তা নদীভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে তিনটি স্থানের সড়ক কাচালং নদীর গর্ভে চলে গেছে। মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টুমনি চাকমা প্রথম আলোকে বলেন, সড়কটি কাচালং নদীর পাড়ে হওয়ায় সব সময় ভাঙনের ঝুঁকিতে থাকে। এমন ঝুঁকিপূর্ণ সড়কে সেতু নির্মাণ করার প্রয়োজনই ছিল না। এতে জনগণের টাকা খরচ হয়েছে, কিন্তু উন্নয়ন হয়নি।উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, ‘আমি নতুন এসেছি। কোথায় সেতুটি নির্মাণ করা হয়েছে খোঁজখবর নিয়ে দেখব। এত টাকার সেতু জনগণের কাজে না আসাটা দুঃখজনক। সেতুটি নির্মাণ করার সময় চিন্তাভাবনা করা উচিত ছিল।’