একটি সেতুর জন্য বছরের পর বছর অপেক্ষা। নির্বাচন এলে প্রতিশ্রুতি পান এলাকার লোকজন। এরপর সবকিছু থেমে যায়। এখনো সেতু নির্মাণে কোনো উদ্যোগ নেই। রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কে কুরমাই খালের ওপর সেতু না থাকায় কষ্ট পাচ্ছে ১০ গ্রামের মানুষ। ছনখোলা গ্রামের বাসিন্দা আকবর হোসেন (৫৩) বলেন, ‘আমরা নিজেরাই কুলকুরমাই খালে বাঁশ ও গাছ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করি। যা প্রতিবছর বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যায়। ওই সময় পূর্বপাশের ছয় গ্রাম ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন এসব গ্রামে উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে আনা যায় না। এমনকি সংসারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা বন্ধ থাকে। শিক্ষকেরা যেতে না পারায় বন্ধ থাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও।’ জানা যায়, লালানগর ইউনিয়নের মাঝখানে প্রবাহিত হয়েছে কুরমাই খাল। খালের পূর্বপাশে ছনখোলা, পুইট্টা গোদা, জঙ্গল নিশ্চিন্তাপুর, ছাদিক্যার ঘোনা, চাঁদনগরপাড়া ও ঢালাইরকূল গ্রাম। পশ্চিমে মোল্লাপাড়া, কুরমাইকূল, কালাগাজি বাড়ি ও কাজিবাড়ি গ্রাম। এসব গ্রামে লোকসংখ্যা সাত হাজারের বেশি।লালানগর ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন জানান, গত বছর বর্ষায় সাঁকোটি ভেঙে যাওয়ার পর গ্রামের মানুষ অর্থের অভাবে নতুন সাঁকো তৈরি করতে পারেননি। খালের তলার অর্ধেকেরও বেশি অংশে বালুর বাঁধ সৃষ্টি করে বাকি অংশে কাঠ বিছিয়ে কোনো রকমে চলাফেরা করছেন তাঁরা। কাঠগুলো নড়বড়ে হওয়ায় চলাফেরার সময় লোকজন প্রায় সময় ছিটকে পানিতে পড়ে যান। বৃষ্টি শুরু হলে এসব কাঠ পানিতে ভেসে যাবে অনায়াসে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে যাতায়াত নিয়ে চিন্তিত গ্রামবাসী। লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তালুকদার বলেন, কুরমাই খালে একটি সেতু নির্মাণের জন্য গ্রামের মানুষ এক যুগ ধরে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর ও পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার আবেদন করেছেন। কোনো কাজ হয়নি। ২০০০ সালে সংসদ নির্বাচনের সময় তৎকালীন সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও ২০০৮ সালে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ নির্বাচনী প্রচারণায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর পর আর খবর নেই। পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি পার্বত্য জেলা নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, লালানগর ইউনিয়নের কুরমাই খালে সেতু নির্মাণে কোটি টাকারও বেশি খরচ হবে। এর পরও এ ব্যাপারে আবেদন পেলে সেতু নির্মাণের জন্য প্রস্তাব আকারে বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।