সেতু নেই টানা নৌকাই ভরসা

বেলাল, জাহেদ ও পপি আকতার। কেউ অষ্টম ও কেউ বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি হালদা নদীর তীরবর্তী পূর্ব-সুয়াবিল গ্রামে। প্রতিদিন একটি টানা নৌকায় হালদা পার হয়ে অপর পাড়ের সৈয়দ-সৈয়দা উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে হালদা নদীর পাড়ে বসবাসকারী তিন গ্রামের লোকজনকে এভাবে টানা নৌকায় নদী পার হতে হয়। এই এলাকার মানুষজনের দীর্ঘ দিনের দাবি, একটি সেতু। নানা সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও সেতু হয়নি আজও।
গ্রামবাসীর অভিযোগ, অতীতে জনপ্রতিনিধিরা একাধিকবার পূর্ব-সুয়াবিল ও পাঁচ পুকুরিয়া গ্রামের মাঝামাঝি স্থানে হালদা নদীর ওপর সেতু নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
সরেজমিনে দেখা যায়, নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরা নদী পারাপারের জন্য টানা নৌকায় ঝুঁকি নিয়ে পার হচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, ফটিকছড়ি উপজেলার ব্রাহ্মণহাট, বৈদ্যরহাট, পূর্ব-সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয় ও সুয়াবিল উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজনে হালদার দুই পাড়ের মানুষকে নদী পার হতে হয়। শুষ্ক মৌসুমে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করেন এলাকার মানুষজন। বর্ষায় সে সাঁকো ভেঙে ফেলতে হয়। তখন ঝুঁকি নিয়ে টানা নৌকায় পার হতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচ পুকুরিয়া ও পূর্ব-সুয়াবিল গ্রামের মাঝখানে একটি সেতু হলে লোকজনের দুর্ভোগ লাঘব হবে।
পূর্ব-সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, এখানে একটি সেতু নির্মাণ খুব জরুরি। বর্ষায় উজান থেকে যখন পাহাড়ি ঢল নেমে আসে তখন নদী ফুলে-ফেঁপে ওঠে। শিশুদের জন্য নদী পারাপার তখন বেশ বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তাই এ সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে যায়।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, সিদ্ধাশ্রম ঘাটে সেতু নির্মাণের দাবিটি যৌক্তিক। ফটিকছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে তিনি এলাকাবাসীকে এ বিষয়ে আশ্বস্তও করেছেন।
উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, পূর্ব সুয়াবীল এলাকায় হালদা নদীর নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেতুর প্রাথমিক কাজও সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার লোকজনের চাহিদার পরিপ্রেক্ষিতে এখানে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।