
‘বর্ষায় খালে পানি বাড়লে অনেকটা প্রাণ হাতে নিয়ে সাঁকো পারাপার হতে হয়। প্রায়ই সাঁকো ভেসে যায় ঢলে। আবার নির্মিত হয় সেই বাঁশের সাঁকো, আবার ঝুঁকি নিয়ে চলাচল। বছরের পর বছর এভাবে চললেও একটি পাকা সেতু হচ্ছে না।’ আক্ষেপের সুরে কথাগুলো বলেন খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী শিপন ভূঁইয়া। মোহাম্মদপুর এলাকার ধলিয়া খালের ওপর িনর্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত চলাচল করেন তিনিসহ পঁাচ গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, ধলিয়া খালের ওপর একটি পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। কিন্তু কোনো জনপ্রতিনিধি এই দাবি কানে তোলেননি।
৬ আগস্ট সরেজমিনে দেখা গেছে, সাঁকোটি নড়বড়ে। মানুষ উঠলে দুলতে থাকে। তারপরও প্রতিদিন সহস্রাধিক মানুষ সাঁকো পার হয়ে চলাচল করছে। পৌরসভার মোহাম্মদপুর, বড়ঝলা, তৈকাতাং, মত্তমুরা ও রসুলপুর গ্রামের মানুষের উপজেলা সদরে যাতায়াত, হাটবাজার, হাসপাতাল ও স্কুল-কলেজে আসা-যাওয়ার ক্ষেত্রে এই সাঁকোই ভরসা।
তেইকাতাং এলাকার কার্বারী চামং মারমা বলেন, ‘ধলিয়া খালের পূর্ব পাশে কোনো মানুষ বসবাস করছে বলেই কেউ মনে করেন না! বর্ষাকালে পানি বেড়ে গেলে খেতে উৎপাদিত সবজি বাজারজাত করতে পারি না।’
বড়ঝলা গ্রামের বাসিন্দা শ্রমিক মো. রহমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্ষায় বাজারে যেতে না পারার কারণে কাজ করতে পারি না। পরিবারের সবাইকে নিয়ে তখন কষ্টে করে চলতে হয়। মাঝেমধ্যে না খেয়ে দিন কাটে।’
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হাশেম ভূঁইয়া বলেন, ‘আমার এলাকার লোকজন দুর্ভোগের মধ্যে আছে একটি সেতুর জন্য। ধলিয়া খালের পানি বৃদ্ধি পেলে কেউ অসুস্থ হলেও তখন হাসপাতালে নেওয়া সম্ভব হয় না।’
এ ব্যাপারে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে একটি বাঁশের সাঁকো করে দিয়েছি। বর্ষাকালে পানির স্রোতে সাঁকো রক্ষা করা কঠিন হয়ে পড়ে বিধায় এখানে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প জমা দিয়েছি। সামনের অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সেতুটি নির্মাণ করা হবে বলে জানান তিনি।’