সেতু নেই, সাঁকোই ভরসা

‘আমাদের এলাকার মানুষ আরও বেশি শিক্ষিত হতে পারতো। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। আসতে পারত কৃষকদের সুদিন। কিন্তু ডলুছড়ি খালের ওপর একটি পাকা সেতু না থাকায় সে সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।’ হতাশার সুরে কথাগুলো বলছিলেন কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ডলুছড়িপাড়ার বাসিন্দা আথোয়াই মারমা।
তিনি জানান, বর্তমানে ডলুছড়ি থেকে রাইখালী বাজার ও চিৎমরম বাজারে যাতায়াতের উপযোগী একটি সড়ক রয়েছে। প্রায় কোটি টাকা ব্যয়ে চিৎমরম থেকে রাইখালী হয়ে রাজস্থলী উপজেলা এবং বান্দরবান শহরমুখি একটি সড়কও নির্মাণ হচ্ছে। ডলুছড়ি খালের ওপর পাকা সেতু নির্মাণ হলে শিক্ষা, যোগাযোগ ও কৃষিউন্নয়নে অনেক এগিয়ে যেত এলাকার বাসিন্দারা।
২০ নভেম্বর বিকেলে সরেজমিন দেখা গেছে, ডলুছড়ি খালের ওপর প্রায় ৩০ ফুট দীর্ঘ নড়বড়ে বাঁশের সাঁকো। শিশুসহ এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পার হচ্ছেন সেতুটি। সাঁকোর সামনে এসে থমকে দাঁড়ান কালাবি মারমা (৭৫)। খালে পড়ে যাবার ভয়ে সাঁকোর ওপর উঠতে পারছিলেন না তিনি।
স্থানীয় বাসিন্দা মংমং সিন মারমা ও অংথুইসিং মারমা বলেন, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সাঁকো পার হয়ে গন্তব্যে যাতায়াত করে। কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয় গমণোপযোগী অনেক শিশু বিদ্যালয়ে যায় না।
এলাকাবাসী জানান, ডলুছড়ি এলাকাসহ রাইখালী ও চিৎমরম ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে ধান, বিভিন্ন ধরনের শাক-সবজি, আম-কাঁঠাল ও কলাসহ প্রচুর মৌসুমি ফলমূল উৎপন্ন হয়। ডলুছড়ি সেতুর ওপর দিয়ে এসব কৃষিপণ্য আশপাশের এলাকায় নিয়ে যেতে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিসিং মারমা (৬), মিমি প্রু মারমা (৫) ও রুবেল মারমা (৫) জানায়, সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে যাওয়ার ভয়ে তারা নিয়মিত বিদ্যালয়ে যায় না।
৩২২ নম্বর নারানগিরি মৌজার হেডম্যান সুইচাপ্রু মারমা ও রাইখালী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মংপ্রু মারমা বলেন, এলাকায় কেউ মারা গেলে লাশ সমাহিত করতে কবরস্থান বা শ্মশানে নিতে হয় ডলুছড়ি খালের ওপর দিয়ে। কিন্তু লাশ নিয়ে সাঁকো পার হতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাঁরা জানান, স্থানীয় জনগণ চাঁদা তুলে খালের ওপর বাঁশের সাঁকো বসালেও তা তিন-চার মাসের বেশি টেকে না। সেতুটি পাকা করা হলে রাইখালী ও চিৎমরম ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ উপকৃত হবেন বলে তাঁরা মন্তব্য করেন। স্থানীয় লোকজন জানান, ডলুছড়ি খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ করার জন্য তাঁরা পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার অনুরোধ করেছেন। কিন্তু কোনো সাড়া মেলেনি।
জানতে চাইলে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, ডলুছড়ি খালের ওপর পাকা সেতু নির্মাণ হওয়া জরুরি। পার্বত্য প্রতিমন্ত্রী দ্বীপঙ্কর তালুকদারও বিষয়টি স্বীকার করেছেন। আগামী অর্থ বছরে ডলুছড়ি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।