সেতু নয়, যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুর রেলিং নেই। মাঝখানে হাঁ হয়ে আছে গর্ত। গাড়ি উঠলেই দুলতে থাকে। প্রায় সময় লেগে আছে দুর্ঘটনা। কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা সেতুর এমন হাল এক বছর ধরে। এর মধ্যেই প্রতিদিন চলাচল করছে মালবাহী তিন শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস। জাদিমুরার মতো এই সড়কের টেকনাফ অংশে আরও সাতটি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার কায়ুকখালীয়া ও হেচ্ছারখাল, সদর ইউনিয়নের বরইতলী, হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, আলীখালী ও ওয়াব্রাং, হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এবং কাটাখালী মাজারসংলগ্ন সেতুু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সেতুর কোনোটির মাঝখানে গর্ত। কোনোটিতে রেলিং নেই। আবার কোনোটি নড়বড়ে অবস্থা। এসব সেতুর ওপর দিয়েই প্রতিদিন কাঠ, মাছ, বেত, আচার, পান, সুপারি, সিমেন্ট, রডসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ২০ থেকে ২৫ টন ওজনের ট্রাক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে।

টেকনাফ পৌরসভার বাসিন্দা ও স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, এসব সেতুর ওপর দিয়ে মালামালভর্তি ট্রাক পারাপারে অনেক সময় ভাঙা অংশে আটকে যায়। তখন মালামাল আবার অন্য ট্রাকে বোঝাই করে নিয়ে যেতে হয়। এতে করে খরচ দ্বিগুণ হয়। লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। এই সড়ক দিয়ে প্রতিদিন কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামগামী কয়েক শ ট্রাক ও বাস চলাচল করে।

স্থানীয় লোকজন জানান, বিভিন্ন সময় সড়ক সম্প্রসারণ করা হলেও সেতুগুলোর প্রস্থ আগের অবস্থায় থেকে গেছে। সরু সেতুর ওপর দিয়ে একসঙ্গে একাধিক যানবাহন চলাচল করতে গিয়ে অনেক সময় রেলিং ভেঙে যানবাহন খাদে পড়ে দুর্ঘটনা ঘটছে।

টেকনাফ থানা সূত্র জানায়, ১ অক্টোবর রাতে জাদিমুরা সেতু থেকে পড়ে নিহত হন মোটরসাইকেল আরোহী নুরুল আলম (২১)। তিনি হ্নীলার ওয়াব্রাং এলাকার ফজলুর রহমানের ছেলে। সেতুর রেলিং না থাকায় রাতের আঁধারে তিনি খালে পড়ে যান। এ ছাড়া ১৩ অক্টোবর বরইতলী সেতুতে বাস ও অটোরিকশার সংঘর্ষে ১৭ জন আহত হয়। সেতুতে সৃষ্ট গর্ত পাশ কাটাতে গিয়ে এ সংঘর্ষ ঘটে।

ট্রাকচালক নবী হোসেন বলেন, এ সড়ক দিয়ে রাতে বেশি পণ্যবোঝাই ট্রাক চলাচল করে। তাই দিনের চেয়ে রাতে দুর্ঘটনা বেশি হয়। তা ছাড়া সেতুর মাঝখানের গর্তে গাড়ি আটকে যায় প্রায় সময়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, সেতুগুলোতে রেলিং না থাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। রাতে চলাচল বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টেকনাফের উপসহকারী প্রকৌশলী মো. আবদুর রশিদ বলেন, সেতুগুলো স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময় নির্মিত হয়েছে। এ জন্য এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।