সেতু পেয়ে উচ্ছ্বসিত চকরিয়া ও মহেশখালীর বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে চকরিয়ার বাটাখালী সেতু। ছবিটি ২০ আগস্ট সেতু উদ্বোধনের দিন তোলা l প্রথম আলো
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে চকরিয়ার বাটাখালী সেতু। ছবিটি ২০ আগস্ট সেতু উদ্বোধনের দিন তোলা l প্রথম আলো

‘আমাদের অনেক দিনের দাবি পূরণ হয়েছে। বাটাখালী সেতু নির্মিত হওয়ায় এখন চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে ট্রাক চলবে নির্বিঘ্নে। আমরা এখন খেতে উৎপাদিত লবণ সরাসরি ট্রাকে করে শহরে পাঠাতে পারব। এতে পণ্যের দামও পাব।’
চকরিয়ার লবণচাষি কলিম উল্লাহর কথায় ঝরে পড়ে উচ্ছ্বাস। চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের মাতামুহুরী নদীর ওপর নির্মিত বাটাখালী সেতু তাঁর মতো আরও অনেক মানুষের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়ার এই সেতু উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাকা সেতু পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেতুটি নির্মাণের ফলে চকরিয়ার সাত ইউনিয়ন ও মহেশখালী উপজেলার বাসিন্দারা যাতায়াতে সুবিধা পাবেন। পাশাপাশি এসব এলাকার উৎপাদিত সবজি, মাছ, লবণ ও মিষ্টি পান এখন থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কাজটি সহজ হবে।
স্থানীয় লোকজন এবং সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৯৮২ সালে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের মাতামুহুরী নদীর ওপর বাটাখালী এলাকায় একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। সেতুটি পুরোনো হয়ে পড়লে সেই স্থানে পাকা সেতু নির্মাণের দাবি ওঠে। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় সরকার ২০০৬ সালে সেখানে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে কাজ শুরু করে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় সংশ্লিষ্ট ঠিকাদার পালিয়ে গেলে কার্যাদেশ বাতিল হয়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবারও নির্মাণকাজ শুরু হয়। তবে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার অজুহাত তুলে ওই ঠিকাদারও কাজ ফেলে চলে যান। সর্বশেষ ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ ফের শুরু হয়। নির্মাণকাজ শেষ হলে ২০ আগস্ট যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘মহেশখালী ও চকরিয়ার অন্তত পাঁচ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে বাটাখালী সেতু। সেতুটি নির্মিত হওয়ায় উপকূলীয় অঞ্চলের মানুষ সহজে জেলা ও বিভাগীয় শহরে যাতায়াত করতে পারবে।’
সাহারবিল এলাকার কৃষক সালাহউদ্দিন বলেন, সেতুটি নির্মিত হওয়ায় পণ্য পরিবহনে আর ভোগান্তি পোহাতে হবে না। যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। মহেশখালী ও চকরিয়ার লোকজনকে আর দুর্ভোগ পোহাতে হবে না।
মাছ ব্যবসায়ী শফিউল কাদের বলেন, ‘বাটাখালী এলাকায় পাকা সেতু নির্মিত হওয়ায় আমরা খুশি। এ জন্য সরকারের প্রতি উপকূলের মানুষ কৃতজ্ঞ।’
সড়ক ও জনপথ বিভাগ, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ১৭০ দশমিক ৭২ মিটার লম্বা ও ১০ দশমিক ৭৫ মিটার প্রস্থ সেতুটি ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।