সেতু পেরোতেই ঘণ্টা পার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক পাশের গাড়ি ছাড়লে বন্ধ থাকে আরেক পাশ। যানজটে পড়ে ভোগান্তি পোহান যাত্রী-চালকেরা। গত সোমবার বেলা একটায় বোয়ালখালী অংশের চিত্র
এক পাশের গাড়ি ছাড়লে বন্ধ থাকে আরেক পাশ। যানজটে পড়ে ভোগান্তি পোহান যাত্রী-চালকেরা। গত সোমবার বেলা একটায় বোয়ালখালী অংশের চিত্র

গত সোমবার বেলা একটা। কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে গাড়ির দীর্ঘ সারি। সেতুতে ওঠার অপেক্ষা সেগুলোর। ভ্যাপসা গরমে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর যাত্রীদের হাঁসফাঁস অবস্থা। এভাবে আধঘণ্টার বেশি সময় থাকার পর মিলল সেতুতে ওঠার ইশারা।
অপর দিকে সেতুর নগর অংশে মোহরা এলাকায়ও একই অবস্থা। এর কারণ, সেতুটি একমুখী। এক পাশ গাড়ি চললে আরেক পাশ বন্ধ থাকে। ফলে সেতু পেরোতেই ঘণ্টা পার হচ্ছে চলাচলকারীদের।
এতে ভোগান্তি বেড়েছে সেতু ব্যবহারকারী দক্ষিণ চট্টগ্রামের একাংশের লাখো মানুষের। বোয়ালখালী উপজেলা ও পটিয়ার একাংশের বাসিন্দাদের চট্টগ্রাম শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।
বোয়ালখালীর অংশে সেতু পারাপারের জন্য অপেক্ষারত টেম্পোচালক মো. রিপন বলেন, প্রতিদিন শহরে ঢোকা ও বের হওয়ার পথে আধঘণ্টা করে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়। শুক্রবার এক ঘণ্টাও পেরিয়ে যায়। সেদিন গাড়ি থাকে বেশি।
তিনি আরও জানান, বোয়ালখালীর গোমদণ্ডী থেকে শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেটের দূরত্ব ১২ কিলোমিটার। সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলে এক ঘণ্টায় সেখানে পৌঁছানোর কথা। কিন্তু এখন নিউমার্কেট পৌঁছাতে তিন ঘণ্টা লাগছে।
সপ্তাহের ছয় দিন বোয়ালখালীর গোমদণ্ডীর বাড়ি থেকে সড়কপথে চট্টগ্রাম শহরের কর্মস্থলে যাতায়াতকারী শহীদুল আলম বলেন, সকাল সাতটায় বের হয়েও ১০টার মধ্যে অফিসে আসতে পারি না। সেতু পার হতেই তো এক ঘণ্টা লেগে যায়।
১৯৩০ সালে নির্মিত ৭০০ গজের সেতুটিতে রেলের পাশাপাশি যানবাহন চলাচল করছে ১৯৫৮ সাল থেকে। এটির দেখভাল করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এই এক সেতু দিয়ে এখন রেলের পাশাপাশি সাধারণ যানবাহন চলাচল করে। ২০০১ সালে রেলওয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। বারবার মেরামত করে সেতুটি সচল রাখার ব্যবস্থা করছে রেলওয়ে।
যাত্রী, স্থানীয় লোকজন ও সেতুর আশপাশের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন কমপক্ষে চারবার রেল চলাচলের জন্য সেতুটির দুই দিকে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। এ ছাড়া এক দিকের যানবাহন ছেড়ে দিলে অন্য দিকের যানবাহনকে অপেক্ষা করতে হয়। এ সময় সেতুর দুই দিকেই সৃষ্টি হয় যানজট। তা ছাড়া ভোগান্তি বাড়ার অন্যতম কারণ, আগে সেতুর ওপর দিয়ে যে পরিমাণ গাড়ি চলাচল করত গত পাঁচ বছরে তা দ্বিগুণের বেশি হয়েছে।
সেতুটির ওপর দিয়ে বাস, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ছাড়াও শিল্পকারখানার ট্রাক চলাচল করে। বোয়ালখালীতে অন্তত ১২টি শিল্পকারখানা রয়েছে।
সেতুর টোলের দায়িত্বপ্রাপ্ত এএন এন্টারপ্রাইজের কর্মীরা প্রতিদিন এই সেতু দিয়ে কী পরিমাণ যান চলাচল করে তা জানাতে রাজি হননি। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, চলে বেশকিছু যানবাহন। কিন্তু কী পরিমাণ চলে তার কোনো হিসাব নেই।
সরেজমিনে দেখা গেছে, সেতুর অবস্থাও নাজুক হয়ে গেছে। মালবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচলের সময় সেতুটি কাঁপে। এ ছাড়া স্থানে স্থানে উঠে গেছে কার্পেটিং। সেতুর ওপর রেললাইনের পাশে কিছু জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর দুই দিকের সড়কের অবস্থাও নাজুক।

এ ছাড়া সেতুতে হেঁটে পার হওয়া নিষেধ থাকলেও অনেকে তা মানছেন না। যানজট এড়াতে অনেকে গাড়ি ছেড়ে হেঁটে পার হয়ে যাচ্ছেন সেতু। সেতুতে গাড়ি চললে হাঁটার জায়গা না থাকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

হেঁটে সেতু পার হওয়ার সময় কথা হয় বোয়ালখালীর সারোয়াতলীর বাসিন্দা গৃহবধূ তসলিমা আকতারের সঙ্গে। তিনি বলেন, ‘গাড়িতে বসে থাকলে তো এক ঘণ্টা লেগে যাবে। তাই হেঁটে পার হয়ে যাচ্ছি।’ ঝুঁকি প্রসঙ্গে বলেন, গাড়ি একদম গা ঘেঁষে চলে। কিন্তু কী করব, চলাচল তো করতে হবে।

এদিকে বিকল্প সেতুর দাবিতে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে। বিকল্প সেতু নির্মাণের দাবিতে সংগঠনটি সভা–সমাবেশও করছে নিয়মিত।

সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিন বলেন, বোয়ালখালী নগরের একেবারে কাছে হলেও একটি সেতুর জন্য ওই উপজেলার দূরত্ব গিয়ে ঠেকেছে তিন ঘণ্টায়। একমুখী এই সেতুর পাশাপাশি একটি বিকল্প সেতু নির্মাণের দাবিতে আমাদের আন্দোলন। আশ্বাস মিললেও এখনো বলার মতো কিছু হয়নি।

জানতে চাইলে রেলওয়ের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, সেতুটি এমনিতে ঝুঁকিপূর্ণ তার ওপর গাড়ির চাপ বাড়ছে। যত দিন বিকল্প আরেকটি সেতু নির্মিত না হচ্ছে, তত দিন মেরামত করে এটি সচল রাখা হবে।