সেতু সংস্কার হয়নি, পারাপারে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকায় মাইনী নদীর ওপরের ঝুলন্ত সেতু সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের নদী পার হতে হচ্ছে দড়িটানা নৌকায়। ছবিটি গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তোলা l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকায় মাইনী নদীর ওপরের ঝুলন্ত সেতু সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের নদী পার হতে হচ্ছে দড়িটানা নৌকায়। ছবিটি গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় তোলা l প্রথম আলো

মাইনী নদীর ঝুলন্ত সেতুটি এক মাসেও সংস্কার হয়নি। ফলে চলাচলে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকায় এই সেতুর অবস্থান। গত ২৫ এপ্রিল ঝড়ে প্রায় ১৫০ মিটারের ঝুলন্ত সেতুটি দুমড়ে-মুচড়ে যায়।

সেতুটি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও সংস্কারে এখনো বরাদ্দ মেলেনি।

নদীর পূর্ব পাড়ে কবাখালীর হাচিনসনপুর ও পশ্চিমে বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার। কবাখালীর হাচিনসনপুরসহ আট গ্রামের তিন হাজারের বেশি মানুষকে উপজেলা সদরে যাতায়াত ও নানা কাজে নদী পাড়ি দিতে হয়। অন্যদিকে বোয়ালখালী ইউনিয়নের প্রায় ১০ গ্রাম থেকে প্রতিদিন চার শতাধিক শিক্ষার্থী আসে পূর্ব পাড়ের হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ে।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, নদী পাড়ি দিতে পশ্চিম পাড়ে দাঁড়িয়ে আছে এক দল শিক্ষার্থী। পূর্ব পাড়ের বিদ্যালয়ে আসবে তারা। ১০ ফুটের বাঁশের সাঁকো পেরিয়ে তারপর উঠতে হচ্ছে দড়িটানা নৌকায়। একটি ছোট নৌকায় গাদাগাদি করে উঠেছে ১৫ থেকে ২০ জন।

কথা হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনিক দাশ ও অষ্টম শ্রেণির জুলি ত্রিপুরার সঙ্গে। তারা বলে, সকাল আটটা সাড়ে আটটার মধ্যে পাড়ে এসে নৌকায় নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কার আগে কে উঠবে এ নিয়ে চলে প্রতিযোগিতা। নৌকায় নদীর পার হওয়ার সময় খুব ভয় লাগে। অনেকে নদী পার না হয়ে পাঁচ কিলোমটার পথ ঘুরে বিদ্যালয়ে যায়।

গত ২৫ এপ্রিল ঝড়ে প্রায় ১৫০ মিটারের ঝুলন্ত সেতুটি দুমড়ে-মুচড়ে যায় l প্রথম আলো
গত ২৫ এপ্রিল ঝড়ে প্রায় ১৫০ মিটারের ঝুলন্ত সেতুটি দুমড়ে-মুচড়ে যায় l প্রথম আলো

হাচিনসনপুর এলাকার বাসিন্দা রইছ উদ্দিন জানান, সেতু সচল না থাকায় এখন ৫ থেকে ৬ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদর ও বোয়ালখালী নতুন বাজারে যেতে হচ্ছে। বিশেষ করে রাতে নৌকায় পারাপার খুবই ঝূঁকিপূর্ণ।

হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বলেন, ১২০০ শিক্ষার্থীর মধ্যে নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন এলাকা থেকে ৪৭৫ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক বিদ্যালয়ে আসেন। নদীর পারাপারে ভরসা ছিল ঝুলন্ত সেতুটি। এখন সেতু সচল না থাকায় দুর্ভোগ বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, সেতুটি সংস্কার অথবা আরেকটি নতুন সেতু নির্মাণের জন্য জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, সেতুটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা পরিষদ থেকে ২৭ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ বা বরাদ্দ দেওয়া হয়নি। সেতুটি সংস্কার করার মতো অর্থ উপজেলা পরিষদের নেই।