সেতু সংস্কারে প্রশাসনের বরাদ্দ নেই, এগিয়ে এলেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা-বাবুছড়া সড়কের বাঘাইছড়ি মুখ বেইলি সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়ক ও জনপথ অধিদপ্তরের বরাদ্দ না থাকায় সেতু সংস্কারে এগিয়ে এলেন স্থানীয় ব্যবসায়ীরা। ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ীদের চাঁদার টাকায় খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তর সেতুটি সংস্কার করে।
১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে বাঘাইছড়ি মুখ এলাকা গিয়ে দেখা যায়, ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় সড়ক ও জনপথ অধিদপ্তরের এক কর্মকর্তার তত্ত্বাবধানে সেতু সংস্কারের কাজ চলছে। সেতুটির দক্ষিণ অংশে প্রবেশমুখে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড ঝুলছে। ১২০ মিটার দৈর্ঘ্যের সেতুটির পাটাতনগুলো ঠিক করতে ঝালাই করা হচ্ছে। সেতুর দক্ষিণ অংশে বাঘাইছড়ি ছড়ার ভাঙন ঠেকাতে গাছের খুঁটি পুঁতে বস্তাও ফেলা হয়েছে।
সেতুর কাজের তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যসহকারী বীরভদ্র চাকমা জানান, ১২০ মিটার দৈর্ঘ্যের সেতুটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে গেছে। বেইলি সেতুর যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে ঝালাই করে আপাতত সংস্কার করা হচ্ছে। সেতুটি সম্পূর্ণ সংস্কার করতে এক লাখ টাকার মতো ব্যয় হবে। এই টাকা স্থানীয় ব্যবসায়ীরাই ব্যয় করছেন।
সেতুর সংস্কারে এগিয়ে এসেছেন বোয়ালখালী নতুন বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী। তাঁদের একজন মো. জসিম জানান, উপজেলা ও বাবুছড়া ইউনিয়নের যোগাযোগের মাধ্যম বাঘাইছড়ি মুখ এলাকার এই সেতু। ৩০ থেকে ৩৫ বছর আগে নির্মিত সেতুটি খুবই জরাজীর্ণ হয়ে গেছে। সেতুটি ধসে পড়লে পণ্য আনা–নেওয়া ও যাতায়াতে দুর্ভোগ বাড়বে। এ কারণে ব্যবসার ক্ষতি এড়াতে ব্যবসায়ীরা এমন উদ্যোগ নিয়েছেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, পুরোনো বেইলি সেতু সংস্কারের জন্য বরাদ্দ নেই। এ ধরনের সেতুর যন্ত্রাংশও পাওয়া যায় না। বাঘাইছড়ি মুখ এলাকার পাকা সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ব্যবসায়ীরা যে নিজেদের উদ্যোগে জরাজীর্ণ একটি সেতু সংস্কার করেছেন, তা অবশ্যই প্রশংসনীয়।