‘২০ বছর ধরে কষ্টে আছি আমরা। খাল পারাপারের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। তা-ও প্রতি বর্ষায় ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন চাঁদা তুলে আবার বানায়। এভাবে চলছে। শুনেছি, এখন পাকা সেতু হবে। এই সেতুটি এলাকার ১০ হাজার মানুষের কষ্ট লাঘব করবে।’কথাগুলো বলছিলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটা এলাকা বাসিন্দা নুর মোহাম্মদ (৫২)।রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা ও মগনামা ইউনিয়নের বাজার পাড়ার সংযোগস্থলে ভোলা খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। অবশেষে সেতু হচ্ছে সেখানে। স্থানীয় লোকজন জানান, রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা, গোদারপাড়া, পালাকাটা, চঁরিপাড়া, টেকঘোনা, বকশিয়াঘোনা এলাকার মানুষের মগনামা কিংবা পেকুয়া উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম ওই সাঁকো। নড়বড়ে এই সাঁকো পাড়ি দিয়ে বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন।রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ভোলা খালের ওপর সেতু না থাকায় বর্ষা মৌসুমে রাজাখালীর ১০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি সেতু স্থাপনে চকরিয়া-পেকুয়ার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সাফিয়া খাতুন মন্ত্রণালয়ে আবেদন করলে তা গৃহীত হয়। এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমগীর বলেন, ‘ভোলা খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের জন্য চার কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছে।’