সেতু হলেও যানজট কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের মির্জাপুল পাকা চার লেনের করা হলেও সুফল পাচ্ছেন না যানবাহনের চালক ও স্থানীয় লোকজন। তাঁদের মতে, সংযোগ সড়ক সম্প্রসারণ না করে কেবল সেতু সম্প্রসারণ কোনো কাজের কাজ হয়নি। সেতুকে কেন্দ্র করে যানজট সমস্যা রয়ে গেছে আগের মতোই। প্রতিদিন সেতুর উভয় দিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। সরেজমিনে ১৬ অক্টোবর বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মির্জাপুল সেতু এলাকায় অবস্থান করে দেখা যায়, সেতুটির একপাশ দিয়ে যানবাহন চলাচল করছে। অপর পাশের (পূর্বদিকে) লেনটি যানবাহন চলাচলের জন্য খোলা থাকলেও এটি দিয়ে কোনো গাড়ি পারাপার হচ্ছে না। সেতুর ওই পাশে মাঝখানে স্তূপ করে রাখা হয়েছে কনক্রিট। তিন বছর আগে এটির উত্তর দিকে মুরাদপুর মোড় পর্যন্ত সম্প্রসারণের জন্য হাটহাজারী সড়কের উভয়পাশে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সম্প্রসারণকাজ এখনো শুরু হয়নি। এদিকে, মির্জাপুল সেতুর দক্ষিণ দিকে পাঁচলাইশ মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জানা যায়, ১৯ বছর আগে বর্তমান সেতুর জায়গায় বসানো হয়েছিল বেইলি সেতু। গত বছরের জুনে সেতুটি পাকা করার কাজ শুরু করে সিটি করপোরেশন। চলতি বছর জুলাইতে এটির নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয় তিন কোটি টাকা। চার লেনের সেতুর দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৫৬ ফুট। এ সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ছাড়াও ৬ নম্বর সড়কের রেঞ্জার, হিউম্যান হলার, টেম্পো, তরী প্রভৃতি যানবাহন চলাচল করে। এ সেতু দিয়ে প্রতিদিন যাতায়াতকারী মোহাম্মদপুর (মুরাদপুর) এলাকার বাসিন্দা রহমান মিয়া বলেন, চার লেনের পাকা সেতু করে লাভ কী হলো বুঝলাম না। সমস্যা তো আগের মতোই রয়ে গেছে।’ এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম বলেন, ‘সেতুটির অলি খাঁ মসজিদ-পাঁচলাইশ-মুরাদপুর এক নম্বর রেলগেট পর্যন্ত উভয় দিকের সংযোগ সড়ক সম্প্রসারণের জন্য ১০৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।’