সেতুটি কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু নির্মাণ হয়েছে চার মাস আগে। হয়নি দুই পাশে মাটি ভরাটের কাজ। ফলে সেতুর সুফল পাচ্ছেন না পটিয়া ও বোয়ালখালী উপজেলার প্রায় এক লাখ মানুষ। সেতুর দুই দিকে গাছের মই দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থীসহ সব শ্রেণির মানুষ। এ ছাড়াও পটিয়া-বোয়ালখালী সড়কের ধলঘাট ক্যাম্প থেকে মুকুন্দরামের হাট পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা সড়কেও মেকাডাম এবং কিছু অংশে বালু ও পাথর দিয়ে ফেলে রাখা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৫ সালে পটিয়া-বোয়ালখালী সংযোগ সড়কের হারগেজি খালের ওপর কারিতাসের অর্থায়নে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। দিন দিন খালের ভাঙনের ফলে সেতুটি দুই দিকে ধসে যায় ২০ বছর আগে। ১০-১২ বছর আগেই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পটিয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং ঠিকাদার সূত্রে জানা যায়, ২০০৯ সালে পটিয়া থেকে বোয়ালখালীর কানুনগোপাড়া পর্যন্ত চার কিলোমিটার সড়কের কাঁচা অংশে কার্পেটিং কাজ, হারগেজি খালের ভাঙন রোধে প্রতিরক্ষা বাঁধ ও দুই দিকের ভাঙা স্থানে সংস্কার ও দুটি কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর আগের বছর দরপত্র আহ্বান করা হয় হারগেজি খালের ওপর সেতুসহ বোয়ালখালী অংশে আরও তিনটি সেতু নির্মাণের জন্য। সড়ক সংস্কার ২০১০ সালে এবং সেতু নির্মাণ ২০০৯ সালে শেষ হওয়ার কথা।সরেজমিনে দেখা গেছে, সড়কের ধলঘাট ক্যাম্প থেকে বীর কন্যা প্রীতিলতা টাস্ট পর্যন্ত কার্পেটিংকাজ শেষ হয়েছে। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার সড়ক পাথর ও বালু দিয়ে ফেলে রাখা হয়েছে। প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করায় সড়কের স্থানীয় প্রভা স্টোর থেকে হারগেজি খাল পর্যন্ত ১২০ মিটার অংশ প্রায় ভেঙে গেছে। পাথর ও বালু দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ওই অংশটি। ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন ও সেতু নির্মাণের দাবিতে পটিয়া-বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম কমিটি অনেক আন্দোলন-সংগ্রাম করেছে। আমাদের আন্দোলন ও জনপ্রতিনিধির তদবিরের ফলে যেটুকু উন্নয়নকাজ শুরু হয়েছে তাও চলছে একেবারে কচ্ছপগতিতে। ফলে দুই উপজেলার লক্ষাধিক মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন নিয়ে চলাচল করতে হচ্ছে শাকপুরা-মনসা হয়ে ২৭ কিলোমিটার পথ ঘুরে।’ ধলঘাট ইউনিয়নের সাবেক সদস্য অরুণ বিকাশ চৌধুরী বলেন, ‘খালের সঙ্গে মই দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকে মই থেকে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।’ সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএন কনস্ট্রাকশনের মালিক মোহাম্মদ ইব্রাহিম দাবি করেন, ‘প্রয়োজনীয় সরকারি অর্থ বরাদ্দের অভাবে যথাসময়ে কাজ শেষ করা যাচ্ছে না।’ সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চকরি কনস্ট্রাকশনের প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ‘প্রায় চার মাস আগে সেতুর কাজ শেষ করেছি। কিছুদিনের মধ্যে দুই দিকের মাটি ভরাট করে দেওয়া হবে।’ তিনিও সরকারি বরাদ্দের অভাবের কারণে কাজ করতে না পারার কথা বলেছেন।পটিয়া সওজ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, ‘তাঁদের (ঠিকাদার) বারবার তাগাদা দেওয়া হচ্ছে কাজ শেষ করার জন্য। কিন্তু তাঁরা বরাদ্দের অভাবের অজুহাত তুলে কাজ ফেলে রেখেছেন। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।’