সেতুটি ধসে পড়তে পারে যেকোনো মুহূর্তে
খাগড়াছড়ির রামগড়-ফেনী সড়কে অবস্থিত বাগানবাজার সেতু যেকোনো সময় ধসে পড়তে পারে। সেতুর একটি অংশ দেবে যাওয়ার পাশাপাশি পিলারের মাটি সরে গেছে। সেতুর মুখে সড়ক ও জনপদ বিভাগ (স ও জ) লাল পতাকা টাঙিয়ে দিলেও প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।
সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম পাশের পিলারের গোড়ায় মাটি সরে গেছে। বালুর বস্তা ও পুরোনো লোহার পাটাতন ফেলে সেতুটি সচল রাখা হয়েছে। পাশাপাশি সেতুর মাঝের অংশে প্রায় এক ফুটের মতো দেবে গেছে।
স্থানীয় বাসিন্দা সুধীর বণিক ও মো. রতন বলেন, এখানে ভয়াবহ বিপদের আশঙ্কা রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রামগড় বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীর কাছে লিখিত আবেদন জানিয়েও কাজ হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকগুলো প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। চালকদের দক্ষতা ও সতর্কতার কারণে এখনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
বাসচালক মো. আহমদ উল্লাহ ও মো. জসিম উদ্দিন বলেন, সেতুর ওপর গাড়ি ওঠামাত্র কাঁপতে থাকে, মনে হয় এই বুঝি ভেঙে পড়ল। কয়েক দিন আগে সেতুর ভাঙা অংশ দায়সারাভাবে মেরামত করা হয়। তারপর এটি আরও বিপজ্জনক হয়ে পড়েছে।
এদিকে, স ও জ বিভাগ পাঁচ টনের অধিক মালামাল নিয়ে সেতুতে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ১৮-২০ টন মালামাল নিয়ে যানবাহন চলছে।
খাগড়াছড়ি স ও জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, সেতুটি অনেক পুরোনো। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নানা সীমাবদ্ধতার কারণে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে। এলাকা পরিদর্শন করে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে।