সেতুটি নির্মাণ হলে দুর্ভোগ কমবে ২০ হাজার মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদসংলগ্ন ডলু খালের ওপর নির্মিত সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটি সংস্কার বা স্থায়ীভাবে নির্মাণ না হওয়ায় আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো সময় সেতুটি এখানে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।এলাকাবাসী জানান, এ সেতুর ওপর দিয়ে লোহাগাড়া উপজেলার আধুনগর, চুনতি, পুটিবিলা এই তিন ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। ১৯৯১ সালে বন্যার সময় এখানকার পাকা সেতুটি পানির স্রোতের চাপে ভেঙে যায়। ওই সময় তৎকালীন যোগাযোগমন্ত্রীর নির্দেশে সড়ক ও জনপথ বিভাগ অস্থায়ীভাবে সেতুটি নির্মাণ করে। এলাকাবাসী জানান, সেতুটি ভেঙে যাওয়ায় আধুনগরের হরিণা, চুনতির সাতগড় ও দক্ষিণ পুটিবিলাসহ ২০ গ্রামের মানুষের ভোগান্তি বেড়েছে। এখানকার অধিকাংশ লোক কৃষিজীবী ও দারিদ্রসীমার নিচে বসবাস করে। সাতগড় এলাকার রিকশাচালক নজির আহমদ ও সামশুল আলম বলেন, ‘রিকশা লই পুল ইবা পার অইতে পরাণ ধরফর ধরফর গরে (রিকশা নিয়ে সেতু পার হতে বুক কাঁপে)।’ স্থানীয় কৃষক মো. ইসলাম জানান, আধুনগর, চুনতি ও পুটিবিলায় বর্ষা ও শীতকালে বিভিন্ন ধরণের কৃষিপণ্য এবং শাকসবজি উৎপন্ন হয়। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় পণ্য পরিবহনে খরচ বেড়ে যায়। আধুনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ার কারণে বর্ষাকালে ওই এলাকার শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হার কমে যায়।’চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় কৃষিপণ্য আনা-নেওয়া, অসুস্থ রোগী পারাপার ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী বলেন, ‘সেতুটি যদিও আমার ইউনিয়নে, কিন্তু এটি তিন ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদকে একাধিকবার জানিয়েছি।’ যোগাযোগ করা হলে লোহাগাড়া উপজেলা স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী তাসলিমা খানম বলেন, ‘এ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হবে।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা বলেন, ‘সেতুটির ওপর দিয়ে আমাকেও তিনটি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড তদারক করতে যেতে হয় ঝুঁকি নিয়ে। আর্থিক বরাদ্দ পেলে এটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে সেতুটি সংস্কারের জন্য এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। তবে এটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ প্রয়োজন।’