সেতুটির সুফল পাচ্ছে না এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীরহাট হতে পশ্চিমে ঝিওরি এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য প্রায় ছয় বছর আগে ঝিওরি খালের ওপর নির্মাণ করা হয়েছিল ঝিওরি সেতুটি। ৪৬ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে হাজির হাট এলাকায় নির্মিত সেতুটির কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী। স্থানীয় লোকজন জানান, সড়কের চেয়ে সেতুর উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট বেশি হওয়ায় এবং ছয় বছর পরও সেতুর সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক উঁচু না করায় সেতুটি ব্যবহারের অনুপযোগী রয়ে গেছে। বর্তমানে সেতু দিয়ে যানবাহন দূরের কথা রিকশা পারাপার এমনকি হেঁটে চলাচলও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেতুটি অকার্যকর হওয়ায় গুরুতর অসুস্থ রোগী এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়া করতে সমস্যা হচ্ছে। হাজিরহাট-ঝিওরি সড়ক ও সেতুটি ইউনিয়নের প্রায় ২০ হাজার লোকের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতি বৃহস্পতিবার ও রোববার হাজিরহাটে কেনাকাটার জন্য আশপাশের এলাকা থেকে আসেন বিপুলসংখ্যক ক্রেতা। এই সড়ক দিয়ে অনেকে পিএবি সড়ক হয়ে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকায়। বর্তমানে বেশির ভাগ লোকজনকে বরুমছড়া-তজমুল আলী সড়ক কিংবা উপজেলা হাসপাতালের সামনের সড়ক ঘুরে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে। সেতুটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এলাকার লোকজন অভিযোগ করেন। এ ব্যাপারে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের কাছে ধরনা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে জানান তাঁরা। খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের (পিএবি সড়ক) সংযোগস্থলে হাজীরহাট এলাকায় অপরিকল্পিতভাবে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জোট সরকার ক্ষমতা ছাড়ার আগে ২০০৬ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন সাংসদ সরওয়ার জামাল নিজাম সেতুটির উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম (৪২) বলেন, ‘কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই ঝিওরি খালে সেতু নির্মাণ করা হয়েছে। এটি আমাদের কাজে আসছে না।’বারখাইনের ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এ কে এম শাহজাহান চৌধুরী বলেন, ‘ঝিওরি খালের সেতুটি আমার এলাকার দুর্ভোগের চিহ্ন। আমি দায়িত্বে থাকাকালে বিষয়টি একাধিকবার উপজেলা পরিষদের সভায় তুললেও কোনো সুরাহা হয়নি।’বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী সেতুটি অকার্যকর আখ্যা দিয়ে বলেন, ‘ভবিষ্যতে সুযোগ পেলে সেতুটি চলাচলের উপযোগী করে তোলার জন্য প্রকল্প গ্রহণ করব।’উপজেলা প্রকৌশলী আবদুল হালিম মিয়া বলেন, ‘সেতুটির অবস্থা আমি দেখেছি। যেহেতু আগেই এটি অপরিকল্পিতভাবে হয়ে গেছে, এখন কী করব সিদ্ধান্ত নিতে পারছি না।’