সেতুতে গর্ত, ঝুঁকি নিয়ে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আধুনগর সড়কে অবস্থিত একটি সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় ভার​ী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে চলছে রিকশা l প্রথম আলো
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আধুনগর সড়কে অবস্থিত একটি সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় ভার​ী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকি নিয়ে চলছে রিকশা l প্রথম আলো

সেতুর মাঝে বড়সড় গর্ত। তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসংলগ্ন লোহার দিঘির পাড়ের আধুনগর সড়কের ওপর অবস্থিত সেতুর এমন হাল হয়েছে। চলতি মাসে একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এর মাঝের একটি অংশ ধসে গেছে। ঝুঁকিপূর্ণ এই সেতু পারাপার করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার লোকজন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ২০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সেতুটির মাঝামাঝি অংশে ৩ থেকে ৪ ফুট চওড়া গর্ত হয়েছে। এর ফলে আধুনগর সড়কে ভারী যানবাহন ও অটোরিকশা চলাচল করছে না। কেবল কিছু রিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে এই অভ্যন্তরীণ গ্রামীণ সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান জানান, ১৯৮৪-৮৫ অর্থবছরে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি দিয়ে কাজীরপাড়া, আখতারিয়াপাড়া, রূপবানপাড়া, মসদিয়া, আধুনগর ইউনিয়ন ও বড়হাতিয়া ইউনিয়নের অধিকাংশ মানুষ যাতায়াত করেন। পাশাপাশি সেতুর আশপাশে অবস্থিত আখতারিয়া মাদ্রাসা, হাজি সামশুল ইসলাম উচ্চবিদ্যালয় ও রূপবানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যেতে সেতুটি ব্যবহার করে। সেতুটি জনগুরুত্বপূর্ণ বিধায় দ্রুত সংস্কার জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, সেতু ভেঙে যাওয়ায় রিকশা ও সিএনজি চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না সেতু ভাঙা হওয়ার কারণে।
লোহাগাড়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুচ্ছফা চৌধুরী জানান, গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, এ সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।