রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ডিসি সড়কের পাড়ায় মুন্দরী খালের ওপর নির্মিত চৌমুহনীসংলগ্ন সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০ ফুট দীর্ঘ সেতুটিতে মাঝখানে হাঁ হয়ে আছে গর্ত। এর ওপর দিয়েই প্রতিদিন চলাচল করছে হাজারো যানবাহন। দিনে কোনো রকমে গর্ত এড়িয়ে গাড়ি চলাচল করলেও বিপত্তি ঘটে রাতে। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, গত এক বছরে মারা গেছেন দুইজন। শুধু এটি নয়, আরও তিনটি সেতুরও নড়বড়ে অবস্থা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ১৯৮৪ সালে সড়কটি পাকা করার সময় মরিয়মনগর চৌমুহনীর পাশ ঘেঁষে বয়ে যাওয়া মুন্দরী খালের ওপর চারটি ছোট সেতু নির্মাণ করে এলজিইডি। এর পর থেকে বিভিন্ন সময় সড়কটি পাঁচবার সংস্কার করা হলেও সেতুগুলো আর সংস্কার করা হয়নি।সরেজমিনে দেখা যায়, মরিয়মনগর চৌমুহনীসংলগ্ন সেতুটিতে মাঝখানে পিলার নেই। মরিয়মনগর জেলেপাড়া, ইউনিয়ন পরিষদ ও ইসলামিয়া মাদ্রাসার সামনের নির্মিত তিনটি সেতুরও একই অবস্থা। কোনোটিতে রেলিং নেই। ভেঙে গেছে কিনারাও। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম বলেন, সড়ক ও জনপথ বিভাগ ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে সড়কটির গর্ত ভরাট করে সংস্কারকাজ করে। ওই সময় গর্তের ওপর সিমেন্টের প্রলেপ দেওয়া হয়। যা কিছুদিন না যেতেই ভাঙতে শুরু করে। এখন সৃষ্টি হয়েছে নতুন গর্তও। তিনি জানান, মরিয়মনগর ডিসি সড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়ক দিয়ে অটোরিকশা, মাইক্রোবাস, ট্রাক ও জিপ চলাচল করে। বিকল্প কোনো সড়ক না থাকায় ইউনিয়নের মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহনে চলাচল করছে এ সড়ক দিয়ে। গত এক বছরে চারটি সেতুতে ৬৪টি দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান বলেন, সড়কের চারটি সেতুই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে গত পাঁচ বছরে সড়ক ও জনপথ বিভাগে একাধিক প্রতিবেদন পাঠালেও পুনর্নির্মাণের অনুমোদন পাওয়া যায়নি। সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, সেতুগুলো পুনর্নির্মাণের জন্য যাচাই-বাছাই চলছে। এ-সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অর্থসংকট থাকায় অনুমোদন পেতে দেরি হচ্ছে।