সেতুতে রেলিং নেই, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
সেতুর দুই পাশেই রেলিং নেই। কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল, সরে যাচ্ছে পিলারের মাটি। সেতুতে গাড়ি উঠলেই দোলে। তারপরও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। খাগড়াছড়ি জেলার পানছড়ি সদর উপজেলার অক্ষয়পাড়া ও কলাবাগানের সংযোগ সেতুর এমন বেহাল দশা।
স্থানীয় এলাকাবাসী জানান, ২০১১ সালে উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়েছিল। নির্মাণের তিন–চার বছর পর থেকে সেতুর রেলিংয়ে ভাঙন ধরে। রাতের আঁধারে সেতুর রডও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফলে বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটি দিয়ে সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কামিনী মেম্বারপাড়া, অক্ষয়পাড়া, নাপিতাপাড়া, সুপারিবাগান, নুয়া আদাম, কালানাল, রাঙাপানিছড়া ও হাসান নগর এলাকার ১০ হাজারের বেশি লোকজন যাতায়াত করে।
২৬ মার্চ সরেজমিনে দেখা যায়, সাড়ে চার ফুট প্রস্থ ও ৫১ ফুট দৈর্ঘ্যের সেতুর দুই পাশে কোনো রেলিং নেই। নিচের পিলারগুলোতে দেখা দিয়েছে ফাটল। পিলারের মাটিও সরে যাচ্ছে। এই সেতু দিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারীরা। সেতু ছোট হওয়ার ফলে একদিক থেকে গাড়ি এলে অন্য পাশের পথচারীদের দাঁড়িয়ে থাকতে হয়।
অক্ষয়পাড়ার মাহেন্দ্রচালক অমর কান্তি চাকমা বলেন, এই সড়ক দিয়ে পারাপারের সময় যানবাহনগুলো যাত্রীদের নামিয়ে দেয়। সেতুটি সংস্কার করা না হলে যানবাহন চলার উপযোগী থাকবে না।
অক্ষয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা আক্তার বলেন, ছোট ছোট শিক্ষার্থীরা এই সেতু পার হয়ে বিদ্যালয়ে আসা–যাওয়া করে। যেখানে রেলিং ছাড়া ঝুঁকিপূর্ণ এত লম্বা সেতু বড়দের পার হতেই সমস্যা হয়, সেখানে শিক্ষার্থী ও শিশুদের কথা বিবেচনা করে সেতুটি নতুনভাবে নির্মাণ করা প্রয়োজন।
নাপিতাপাড়ার বাসিন্দা নমিতা চাকমা, ভাগ্যদেবী চাকমা বলেন, সেতুর ওপর গাড়ি উঠলেই ভয় লাগে। কিন্তু এখান থেকে নাপিতাপাড়া তিন কিলোমিটার দূরে হওয়ার কারণে বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়।
পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, সেতুটি নতুন করে নির্মাণ করা জরুরি। কিন্তু ইউনিয়ন পরিষদের এত বড় বাজেট নেই সেতু নির্মাণ করার। প্রকৌশল অধিদপ্তর কিংবা উন্নয়ন বোর্ড থেকে যদি সেতুটি মেরামত করা হয় তাহলে কয়েক হাজার লোক উপকৃত হবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, ‘সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে আগামী অর্থবছরে ব্যবস্থা নেওয়া হবে।’