সেতুর অপেক্ষায় ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার টংকাবতী খালে সেতু না থাকায়   নৌকায় চড়ে  প্রতিদিন  শিক্ষার্থীসহ এলাকার মানুষ গন্তব্যে যাতায়াত করে   প্রথম আলো
লোহাগাড়ার টংকাবতী খালে সেতু না থাকায় নৌকায় চড়ে প্রতিদিন শিক্ষার্থীসহ এলাকার মানুষ গন্তব্যে যাতায়াত করে প্রথম আলো

টংকাবতী খালে একটি সেতুর জন্য লোহাগাড়া-সাতকানিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর গোনা শেষ হচ্ছে না। দীর্ঘ ২২ বছর ধরে এলাকাবাসী সেতুটি নির্মাণের জন্য জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছে। বারবার প্রতিশ্রুতি শুনলেও এর বাস্তবায়ন না হওয়ায় দুই উপজেলার মানুষ হতাশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টংকাবতী খাল লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন ও সাতকানিয়ার সদর ইউনিয়নকে দুই ভাগ করে রেখেছে। সেতটুি নির্মিত হলে এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা বদলে যেতে পারে। এতে দুই উপজেলা সদরের মধ্যে দূরত্ব যেমন কমবে, তেমনি সময় বাঁচবে দ্বিগুণ।
সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, টংকাবতী খালের পূর্ব পাশে লোহাগাড়া অংশে রয়েছে লোহাগাড়া জনকল্যাণ বালক উচ্চবিদ্যালয়, জনকল্যাণ বালিকা উচ্চবিদ্যালয়, সুফিয়া আলীয়া মাদ্রাসা ও মোস্তাফিজুর রহমান কলেজ। পশ্চিম দিকে রয়েছে সাতকানিয়া সরকারি কলেজ, চিটবাড়ি এম এ মোতালেব কলেজ, গারাঙ্গিয়া আলীয়া মাদ্রাসা, গারাঙ্গিয়া রব্বানিয়া মহিলা মাদ্রাসা, সাতকানিয়া সহকারী জজ আদালত প্রভৃতি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। টংকাবতী খালে সেতু না থাকায় প্রতিদিন উভয় উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক করে নারী-পুরুষ ও শিশু নৌকায় করে খাল পেরিয়ে নিজ নিজ গন্তব্যে যাতায়াত করে। এ ছাড়া লোহাগাড়া থেকে সাতকানিয়া সহকারী জজ আদালত বা উপজেলা সদরে কোনো কাজে যেতে হয় মূল সড়ক হয়ে ৩০ কিলোমিটার ঘুরে।

লোহাগাড়া জনকল্যাণ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহম্মদ জানান, তিনিসহ অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ সাতকানিয়া সদর থেকে এসে নৌকায় করে টংকাবতী পেরিয়ে লোহাগাড়া যান। একইভাবে লোহাগাড়ার অনেকে যান সাতকানিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে বর্ষাকালে খালে পানির স্রোত বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারে না। সাতকানিয়ার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুুদুল হক জানান, টংকাবতী খালে সেতুটি নির্মিত হলে সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগব্যবস্থার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। খালের তীরের কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাবেন। সাতকানিয়ার বারোদোনার বাসিন্দা জাফর আহমদ জানান, সেতুটি নির্মিত হলে সাতকানিয়া-লোহাগাড়ার দূরত্ব অন্তত ১০ কিলোমিটার কমবে। এতে মানুষের যাতায়াতে অর্থ ও সময়ের অপচয় কমবে। লোহাগাড়ার আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘সেতুটি নির্মিত হলে এলাকাটি উপশহরে পরিণত হবে। এতে স্থানীয়ভাবে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়বে। এ ব্যাপারে স্থানীয় সাংসদের সহায়তা চেয়েছি আমরা।’

লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াাউল হক চৌধুরী বলেন, ‘১৯৯১ সাল থেকে ওই এলাকায় একটি সেতু নির্মাণের চেষ্টা করছি। এ ব্যাপারে সাংসদসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় আবেদন করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান বলেন, দুই উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করার জন্য সেতুটি নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।