সেতুর অপেক্ষায় ১৬ বছর
খালের দুই প্রান্তে তিনটি করে ছয়টি পিলার তৈরি হলেও মূল অংশ তৈরি হয়নি। দুপাশের পিলারের সঙ্গে কয়েকটি বাঁশ জুড়ে দিয়ে খাল পারাপারের ব্যবস্থা হয়েছে। ১৬ বছর ধরে এভাবে অসমাপ্ত পড়ে আছে লোহাগাড়ার জঙ্গল পদুয়ার চারাকুল খালের ওপর নির্মাণাধীন সেতু।
সম্প্রতি জঙ্গল পদুয়ায় গিয়ে এই চিত্র চোখে পড়ে। চারাকুল খালের নড়বড়ে সাঁকো দিয়ে এই এলাকার চার-পাঁচ হাজার মানুষ চলাচল করে। সেতু না হওয়ায় কৃষক, পেশাজীবী ও শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। সেতুর অভাবে বড় হাট-বাজারে কৃষিপণ্য নিতে না পারায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তাঁরা।
চারাকুল খালের উভয় পাড়ের বড়ুয়াপাড়া, মৌলভীপাড়া, অন্ধঘোনা, বলিরপাড়া, সাহারপাড়, বাড়িপাড়া, কাটির দুর্গাপাড়া, হোসেন শিকদার পাড়াসহ ১২ গ্রামের চার-পাঁচ হাজার মানুষ এবং পদুয়া আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবার এই সাঁকো দিয়ে চলাচল করে। বান্দরবানের ভাগ্যকুল এলাকার লোকজনও চারাকুল খাল পার হয়ে পদুয়া ও লোহাগাড়া সদরে যাতায়াত করে।
লোহাগাড়া এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে চারাকুল খালের ওপর ১৯৮৮-১৯৯৯ সালে ২০ মিটার লম্বা এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। তবে এর সাত-আট মাসের মাথায় ঠিকাদার কাজ ফেলে চলে যান। এর পর থেকে সেতুটি অসমাপ্ত পড়ে আছে। বর্তমানে খালপাড়ের বাসিন্দারা কয়েকটি বাঁশ ফেলে চলাচলের ব্যবস্থা করেছে।
শুকনো মৌসুমে বঁাশের সঁাকো দিয়ে খাল পার হওয়া গেলেও বর্ষায় স্রোতের কারণে পার হওয়া যায় না। তখন অনেক পথ ঘুরে গ্রামের লোকজনকে যাতায়াত করতে হয়। পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে জঙ্গল পদুয়ার মানুষ অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। খালের দুই পাড়ের মানুষের দুর্ভোগ চরমে পেঁৗছায়। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে গেলে কোনো রকমে মানুষ চলাচল করে।
লোহাগাড়া ও বান্দরবানের সীমান্তে অবস্থিত জঙ্গল পদুয়ায় প্রচুর সবজির ফলন হয়। আশ্রয়ণ প্রকল্প, বড়ুয়াপাড়া, বলিরপাড়াসহ সেতুর আশপাশে ঘুরে দেখা গেছে, কয়েক শ একর জমিতে সবজির চাষ হয়েছে। খেতে কর্মরত কৃষকেরা জানান, সেতু না থাকায় পাইকারি ব্যবসায়ীরা কম দামে তঁাদের কাছ থেকে সবজি কিনে নিচ্ছেন। সেতু থাকলে পদুয়া তেওয়ারিহাটে সবজি বিক্রি করতে পারতেন তঁারা। এতে লাভও হতো। কৃষক মো. শাহজাহান ও আলমগীর বলেন, এখানকার কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। পদুয়া তেওয়ারি হাট পঁাচ-ছয় কিলোমিটার দূরে। তাই সেখানে পণ্য নিয়ে যাওয়া সম্ভব হয় না। লোহাগাড়া উপজেলার কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জঙ্গল পদুয়া লোহাগাড়ার সবজির ভান্ডার। তবে সেতুর অভাবে কৃষকেরা পণ্য পরিবহন করে বাজারে আনতে পারছেন না।
দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরাও। জঙ্গল পদুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দাশ বলেন, বর্ষাকালে সেতুর অভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। সেতুর কাজ সমাপ্ত হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।
চারাকুল খালের ওপর সেতু নির্মিত হলে বান্দরবানের সঙ্গে লোহাগাড়ার সড়ক যোগাযোগ আরও সহজ হবে। গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম নানা কাজে নিয়মিত বান্দরবান যাতায়াত করেন। তিনি বলেন, সেতুটি বাস্তবায়ন হলে বান্দরবানে যাতায়াতে আরও কম সময় লাগবে।
কবে শুরু হবে অসমাপ্ত সেতুর কাজ? প্রশ্ন করলে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, জঙ্গল পদুয়ার চারাকুল খালে সেতুটি গুরুত্বপূর্ণ সেতু।
ইতিমধ্যে সেতু নির্মাণের জন্য জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। ১২-১৫ লাখ টাকা খরচ করলে সেতুটির কাজ শেষ করা যাবে।