সেতুর অভাবে দুর্ভোগ হাজারো মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি পাকা সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। দুই ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী সাপমারা খালের ওপর সেতুটি নির্মাণ করা হলে এলাকার শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ ব্যবসায়ী, কৃষক ও জেলে সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ উপকৃত হতেন। এলাকাবাসী জানান, আনোয়ারা উপজেলার উপকূলবর্তী ইউনিয়ন রায়পুর ও জুঁইদণ্ডীর লোকসংখ্যা প্রায় ৬০ হাজার। দুই ইউনিয়নের কৃষক, জেলে, সাধারণ ব্যবসায়ী ও শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষকে নানা কাজে উভয় ইউনিয়নে যাতায়াত করতে হয়। কিন্তু যুগ যুগ ধরে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম সাপমারা খালের ওপর বাঁশের তৈরি একটি সাঁকো। জানা যায়, জুঁইদণ্ডী এলাকার অধিকাংশ মানুষ মৎস্য ও কৃষিজীবী। তাদের মাছ ব্যবসার জন্য প্রতিদিন যেতে হয় রায়পুরে। অন্যদিকে রায়পুরের অনেক শিক্ষার্থী পড়াশোনা করে জুঁইদণ্ডীর জে কে এস উচ্চবিদ্যালয় ও আনোয়ারুল উলুম মাদ্রাসায়। রায়পুরের অনেকে শহরে যাতায়াত করেন জুঁইদণ্ডীর ওপর দিয়ে। দক্ষিণ সরেঙ্গার বাসিন্দা আলী আহমদ জানান, একটি সেতুর জন্য এলাকার মানুষ যুগ যুগ ধরে অপেক্ষা করছে। কিন্তু স্বাধীনতার ৪১ বছর পার হলেও কোনো সরকারই এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না। তিনি জানান, সাপমারা খালের আশপাশের গ্রামের কোনো রোগীকে হাসপাতালে আনা-নেওয়া ও বিয়ে-শাদীর সময় বরযাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। ঝুঁকি নিয়ে সাম্পানে করে খাল পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। রায়পুরের পূর্ব গহিরার গৃহিণী আমির খাতুন বলেন, ‘আমরা ছোটকাল থেকে এই বাঁশের সাঁকোটি দিয়ে জুঁইদণ্ডীসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করছি। বেঁচে থাকতে এখানে সাঁকো দেখতে পাব কি না সন্দেহ।’ সরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন, ‘ঝড়-বৃষ্টির দিনে এ সাঁকো পার হওয়ার সময় খালের ভেতর পড়ে যাব বলে ভয় হয়। কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে যাওয়া-আসা করি।’ জে কে এস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী বলেন, ‘সাপমারা খালের ওপর সেতু না হওয়ায় দুই ইউনিয়নই সার্বিকভাবে পিছিয়ে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’ রায়পুরের চেয়ারম্যান ছাবের ইবনে মাহবুব বলেন, ‘আমি এবং জুঁইদণ্ডীর চেয়ারম্যান সাপমারা খালের ওপর সেতু নির্মাণের ব্যাপারে বিভিন্ন সময় উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রস্তাব দিয়েছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, সাপমারা খালের ওপর ৩০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন খান বলেন, ‘সাপমারা খালের মতো আনোয়ারায় আরও কয়েকটি খালের ওপর অস্থায়ী সাঁকো রয়েছে যেগুলোতে সেতু নির্মাণ করা দরকার। আশা করি, পর্যায়ক্রমে সেতুগুলো নির্মাণ করা সম্ভব হবে।’