সেতুর কষ্টে তিন ইউনিয়নের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ছিল বাঁশের সাঁকো। এরপর হলো কাঠের সেতু। তার পরও স্বস্তি নেই। বন্যার পানিতে ভেসে যাওয়ার আশঙ্কায় বর্ষা এলেই কাঠের সেতুটি খুলে ফেলা হয়। তখন পারাপার হয়ে উঠে ঝুঁকিপূর্ণ। নৌকায় করে পাড়ি দিতে হয় নদী। এভাবেই দিনের পর দিন চলাচল করছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পৌরসভার তরছঘাটা এলাকা এবং তিন ইউনিয়ন—সাহারবিল, পূর্ব বড়ভেওলা ও বিএমচরের প্রায় এক লাখ মানুষ।

জানা যায়, চকরিয়া পৌরসভার তরছঘাটা-পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সংযোগস্থলে মাতামুহুরী নদীর ওপরের সেতুটি আগে ছিল বাঁশের। ২০১১ সালের শেষের দিকে কক্সবাজার জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া এক লাখ ৮০ হাজার টাকায় সেটি কাঠে উন্নীত করা হয়।

সরেজমিনে দেখা গেছে, তরছঘাটা এলাকায় নির্মিত ১০৫ মিটারের কাঠের সেতুটিতে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন লোকজন। গাড়ি উঠলেই সেতু দুলে। এর মধ্যে চলাচল করছে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল। প্রতি গাড়িতে টোল আদায় হচ্ছে দুই থেকে তিন টাকা। এ ছাড়া যাঁরা হেঁটে পার হন তাঁদের কাছ থেকে আদায় করা হচ্ছে এক টাকা।

স্থানীয় লোকজন জানান, প্রতি বর্ষায় সেতুটি খোলা এবং পরে প্রতিস্থাপন খরচ ববাদ এই টোল আদায় করা হয়।

তরছঘাটা এলাকার নাইমুল ইসলাম বলেন, ‘বর্ষায় যখন পাহাড়ি ঢল নামে তখন এ কাঠের সেতু ভেসে যাওয়ার আশঙ্কায় খুলে ফেলতে হয়। তখন ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার ছাড়া কোনো উপায় থাকে না। এ সময় ছাত্রছাত্রী ও জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। একটি পাকা সেতু হলে আমাদের এই কষ্ট লাগব হবে।’

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কৃষক আবু তাহের বলেন, ‘তরছঘাটার পাশের অন্তত ৫০টি গ্রামে সবজি চাষ হয়। যাতায়াতের অসুবিধার জন্য আমাদের খেতে উৎপাদিত বিভিন্ন সবজি বাজারে নেওয়া সম্ভব হয় না। এতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’

এ প্রসঙ্গে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহীম খলিল বলেন, ‘একটি পাকা সেতু নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাঠের ঝুঁকিপূর্ণ সেতুটির কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়েও অবগত করা হয়েছে। সেখান থেকে আশ্বাসও পেয়েছি।’ তিনি বলেন, একটি পাকা সেতু নির্মিত হলে পূর্ব বড় ভেওলাসহ তিনটি ইউনিয়নের জনসাধারণের ভাগ্য বদলাবে। কৃষকেরাও তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন।

জানতে চাইলে চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, তরছঘাটায় একটি সেতু অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের চেষ্টা করা হবে।