সেতুর কষ্টে হাজারো মানুষ
লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ-সংলগ্ন ডলু খালের ওপর নির্মিত সেতুটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেতুটির ওপর দিয়ে আধুনগর, চুনতি, পুটিবিলা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করে। স্থায়ীভাবে সেতুটি সংস্কার না হওয়ায় চরম অসুবিধার মধ্যে আছে এসব এলাকার মানুষ। তবে সবচেয়ে বেশি ভুগছেন আধুনগরের হরিণা, চুনতীর সাতগড় ও দক্ষিণ পুটিবিলাসহ ২০ গ্রামের মানুষ। অস্থায়ী সেতুটির কাঠের পাটাতনগুলো উঠে যাচ্ছে। যানবাহন চলাচল দূরের কথা এখন হাঁটাচলাও করা যাচ্ছে না। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটানা ঘটে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন। জানা যায়, ১৯৯১ সালে বন্যার সময় ডলুখালের পাকা সেতুটি পানির চাপে ভেঙে গেলে তৎকালীন যোগাযোগমন্ত্রীর নির্দেশে সড়ক ও জনপথ বিভাগ এলাকাবাসীর সুবিধার্থে অস্থায়ীভাবে এ সেতুটি নির্মাণ করে। চুনতি সাতগড় এলাকার রিকশাচালক নজির আহমদ ও সামশুল আলম বলেন, রিকশা লই পুল ইবা পার অইতে পরাণ ধরফর ধরফর গরে (রিকশা নিয়ে সেতু পার হতে খুব ভয় লাগে)। স্থানীয় কৃষক মো. ইসলাম বলেন, আধুনগর, চুনতী, পুটিবিলায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য, শাকসবজি উৎপন্ন হয়। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় পণ্য পরিবহনে আমাদের খরচ বেড়ে গেছে। চুনতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় কৃষিপণ্য আনা-নেওয়া, অসুস্থ রোগী পারাপার ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আধুনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘সেতুটি তিন ইউনিয়নের যোগাযোগের মাধ্যম। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদকে একাধিকবার অবহিত করেছি।’স্থানীয় আধুনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, সেতুটির কারণে বর্ষাকালে ওই এলাকার শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হার কমে যায়। লোহাগাড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান প্রথম আলোকে জানান, এ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সেতুটি সংস্কারের জন্য চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী বরাবরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনুর রহমান বলেন, ‘তিনটি ইউনিয়নের কর্মকাণ্ড তদারকি করতে যেতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে। সেতুটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।'