সেতুর জন্য কেয়াগড়বাসীর কষ্ট

আনোয়ারা সদরের আড়াই কিলোমিটার উত্তরে কেয়াগড় গ্রাম। মাত্র ২০ ফুট দীর্ঘ সাঁকো পেরিয়ে এ গ্রাম থেকে আনোয়ারা সদরে আসা যায়। অথচ সাঁকেটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গ্রামের ২০ হাজারের বেশি মানুষকে চাতরী চৌমুহনী হয়ে সাত কিলোমিটার ঘুরে সদরে যাতায়াত করতে হয়। এ জন্য কান্দরিয়া খালের ওপর নড়বড়ে সাঁকোর জায়গায় একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
আনোয়ারা সদরের লাগোয়া হলেও চাতরী ইউনিয়নের কেয়াগড় গ্রামটি বছরের পর বছর অবহেলিতই থেকে গেছে। এ গ্রামের পশ্চিমপাড়া আর মাঝেরপাড়ার বাসিন্দারা শুধু একটি সেতুর অভাবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকা ঘুরে দেখা গেছে, কেয়াগড় গ্রামের মাঝেরপাড়া এলাকা দিয়ে যাওয়া ঔমাতারা সড়কের ওপর ৬০ ফুট দীর্ঘ সাঁকোটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাঁকোর মাঝখানে গেলেই দুলে ওঠে। কিন্তু কোনো উপায় না থাকায় প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে যেতে হয় আনোয়ারা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
স্থানীয় বাসিন্দারা জানান, দেশ স্বাধীন হওয়ার আগে এলাকাবাসীর টাকায় কান্দরিয়া খালের ওপর পাকা সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু ২০০৬ সালের দিকে সেতুটি খালে ধসে পড়ে। এরপর সেতুর পাশেই স্থাপন করা হয় বাঁশের সাঁকো। নড়বড়ে এই সাঁকো দিয়েই এখন চলছে পারাপার।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, গত চার বছরে কেয়াগড় এলাকার ঔমাতারা সড়কের দুপাশে কয়েক ধাপে ইট বিছানো হয়েছে। সর্বশেষ ২০১৪-২০১৫ অর্থবছরে জেলা পরিষদ থেকে তিন লাখ টাকা ব্যয়ে ইট বিছানো হয়। তবে সড়কের মাঝে অবস্থিত সাঁকোর জায়গায় পাকা সেতু না হওয়ায় সড়কটি কাজে আসছে না।
কেয়াগড় গ্রামের ৬০ বছরের অশীতিপর বৃদ্ধ টুনটু দত্ত বলেন, ‘হয়তো এ জীবনে পাকা সেতু আর দেখব না। আশঙ্কা করছি আমাদের পরবর্তী প্রজন্মও এ কষ্ট থেকে রেহাই পাবে না।’
চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন হিরু প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক বছরে এ গ্রামে সড়ক পাকাকরণসহ বহু উন্নয়ন হয়েছে। সেতুটিও পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। তবে খালের দৈর্ঘ্য বেশি হওয়ায় একটু সমস্যা হচ্ছে।’
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেয়াগড় এলাকায় একটি পাকা সেতু দরকার, এ ব্যাপারে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।’