সেতুর অপেক্ষায় ১০ গ্রামের মানুষ
সেতুর জন্য স্থানীয় লোকজন প্রধানমন্ত্রীর কাছে ই-মেইলে আবেদনও করেছেন
ফটিকছড়ির খিরাম ও রাউজানের হলদিয়ার মাঝে অবস্থিত সর্তা খালের ‘হচ্ছার ঘাট’। খালের এই অংশ দিয়ে দুই উপজেলার উপজেলার দশ গ্রামের মানুষ যাতায়াত করে। খালের উভয় পাশে গ্রামীণ মেঠো পথে রিকশা ও অটোরিকশা চলাচল করে। সেতু না থাকায় যানবাহন থেকে নেমে হেঁটে খাল পার হয় এলাকাবাসী। বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় খাল পারাপারের উপায় থাকে না। তখন নৌকা বা অস্থায়ী সাঁকোই ভরসা।
জনদুর্ভোগ দূর করতে ওই ঘাটে একটি পাকা সেতুর তৈরির দাবি করে আসছেন এলাকাবাসী। সেতুর জন্য স্থানীয় লোকজন প্রধানমন্ত্রীর কাছে ই-মেইলে আবেদনও করেছেন।
গত বছর প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর হয়ে সর্তা খালের ওপর একটি সেতু তৈরির আবেদন জানিয়ে ই-মেইল করেছিলেন খিরাম কাদেরীয়া মঈনীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক দিদারুল আলম। তিনি জানান, বেশ কিছুদিন আগে মাদ্রাসায় আসার পথে খাল পার হওয়ার সময় আজিম নামের এক মাদ্রাসাছাত্র মারা যায়। উত্তর হলদিয়া গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় সেখানকার শিক্ষার্থীরা ওই পথে নদী পার হয়ে খিরাম গ্রামে এসে পড়ালেখা করে।
সরেজমিনে দেখা যায়, হাঁটুজলে কাদা মাড়িয়ে যাতায়াত করছেন এপার-ওপারের লোকজন। দল বেঁধে শিক্ষার্থীরা এপার-ওপারে যাচ্ছে। পথচারীরা জানালেন, ফটিকছড়ির পার্বত্য এলাকা বর্মাছড়ি, কাউখালী, খিরামের চৌমুহনী বাজার, দৌলত মুন্সিরহাট, ফুলতলী এবং রাউজানের মাদম্যেহাট, বউজ্যেরহাটসহ অনেক এলাকায় লোকজন যাতায়াত করে এই ঘাট দিয়ে।
হলদিয়া গ্রামের বাসিন্দা আমিনুর রহমান বলেন, নেতারা নির্বাচনের আগে হচ্ছার ঘাট এলাকায় এসে বড় বড় কথা বলেন, নির্বাচনের পর তাঁরা এসব কথা ভুলে যান।
রাউজানের মাদম্যেহাট বাজারের ব্যবসায়ী শফিউল আলম বলেন, যোগাযোগব্যবস্থার কারণে উৎপাদিত ফলমূল কম দামে এখানেই বিক্রি করতে হয়। সেতু হলে যোগাযোগে অভূতপূর্ব উন্নতি ঘটবে। পাশাপাশি কৃষকেরাও লাভবান হবেন।
সেতু দাবির অন্যতম উদ্যোক্তা প্রবীণ শিক্ষক শেখ মুহাম্মদ আবদুল্লাহ জানান, এখানে সেতু নির্মাণের মাধ্যমে বদলে যেতে পারে উপজেলার দুই লক্ষাধিক লোকজনের ভাগ্য।
উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এখানে সেতুর সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, হচ্ছার ঘাটে সেতু নির্মাণ করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সেখানে সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হবে।