সেতুর জন্য সড়ক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার মুরালী-ছত্তারহাট সড়কের ইন্দ্র পুলটি (সেতু) বন্ধ থাকার কারণে নয় মাস ধরে কোনো যান চলাচল করছে না। এ কারণে সীমাহীন কষ্ট পাচ্ছেন পূর্ব আনোয়ারার অর্ধলক্ষাধিক মানুষ। বর্তমানে এ রুটের দুটি কালভার্ট মেরামতের কাজ শুরু হলেও ক্ষতিগ্রস্ত সেতুর মেরামতকাজ চোখে পড়ছে না। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কবে নাগাদ রুটটি চালু হবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।সরেজমিনে গিয়ে চোখে পড়ে, আনোয়ারার মুরালী-ছত্তারহাট রুটের ইন্দ্র পুলটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে এ রুট দিয়ে যান চলাচল বন্ধ আছে। আশপাশের দুটি কালভার্ট মেরামতের কাজ শুরু হলেও এ পুলটি মেরামতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে এ রুটের যানবাহন আট কিলোমিটার দূর দিয়ে চলাচল করছে। এ জন্য কষ্ট পাচ্ছে পূর্ব আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের ভিঙরোল, দেওতলা, পরৈকোড়া, মাহাতা, ওষখাইন, মামুরখাইন, পূর্বকন্যারা, পাঠানীকোটা ও কৈখাইন এবং হাইলধর ইউনিয়নের খাসখামা, মালঘর ও গুজরার অন্তত অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয় ব্যক্তিরা জানান, মুরালীঘাট পার হয়ে চন্দনাইশ উপজেলার অনেকেই আনোয়ারার ওপর দিয়ে চট্টগ্রামের সঙ্গে যাতায়াত করতেন। বর্তমানে রুটটি বন্ধ থাকায় কষ্ট পাচ্ছে তারাও। কিন্তু এত দিন পার হয়ে গেলেও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেতুটি মেরামতের উদ্যোগ নেয়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইন্দ্র পুলটি দিয়ে যাতায়াত করে মুরালী-ছত্তারহাট রুটের বাস। পরৈকোড়া, হাইলধর ও চন্দনাইশের অনেকেই এ রুটের যাত্রী। কিন্তু পুলের কারণে যান চলাচল করতে পারছে না বলে এই বাসগুলো উত্তরে পটিয়া-আনোয়ারা বিকল্প সড়ক হয়ে পটিয়ার ওপর দিয়ে এবং দক্ষিণে আট কিলোমিটার ঘুরে হাইলধরের মালঘর বাজার হয়ে চলাচল করে। এ কারণে অনেকেরই সময় ও অর্থের অপচয় ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে আনোয়ারা কলেজের শিক্ষার্থীরা। কারণ, পরৈকোড়া থেকে আনোয়ারা সদরের দূরত্ব ১৬ কিলোমিটার। পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, ইন্দ্র পুলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসীকে আট কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার জামাল চৌধুরী জানান, ‘পুলটি মেরামত না হওয়ায় অনেকটা দ্বীপাঞ্চলে পরিণত হচ্ছে ইউনিয়ন। এলাকাবাসীর কেয়ামত চলছে। আমার ইউনিয়নসহ বিভিন্ন এলাকার অন্তত অর্ধলক্ষাধিক মানুষ পুলটির কারণে কষ্ট পাচ্ছে।’সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিনের মধ্যে একটি বেইলি সেতু বসানো হবে। সেতুটি পুরোপুরি মেরামত হলে সেটি সরিয়ে নেওয়া হবে।’