সেতুর বয়স ৮৬, গাড়ি উঠলেই দোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উঠে গেছে সেতুর পাটাতন, নিচের খুঁটি থেকে সরে গেছে মাটি। তবু ফটিকছড়ির নাজিরহাটে ঝুঁকিপূর্ণ পুরাতন হালদা সেতু দিয়ে চলছে যানবাহন l প্রথম আলো
উঠে গেছে সেতুর পাটাতন, নিচের খুঁটি থেকে সরে গেছে মাটি। তবু ফটিকছড়ির নাজিরহাটে ঝুঁকিপূর্ণ পুরাতন হালদা সেতু দিয়ে চলছে যানবাহন l প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে হালদা নদীর ওপর ১৯৩০ সালে নির্মিত হয়েছিল লোহার সেতু। পুরাতন হালদা সেতু নামে পরিচিত সাড়ে তিন শ ফুট দীর্ঘ ও ১২ ফুট চওড়া ৮৬ বছর বয়সী সেতুটিতে গাড়ি উঠলেই দুলতে থাকে। তবু ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই চলছে যানবাহন।
সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সব যানবাহনই এক সময় পুরাতন হালদা সেতু দিয়ে চলাচল করত। তবে এর পৌনে এক কিলোমিটার দূরে ১৯৮৯ সালে নতুন হালদা সেতু তৈরি হওয়ায় মহাসড়কের ভারী যানবাহন এখন আর পুরোনো সেতু দিয়ে চলাচল করে না। তবে হাটহাজারি উপজেলা ও ফটিকছড়ি সুয়াবিল এলাকার যানবাহন এই সেতু পেরিয়ে এখনো নাজিরহাট বাজারে আসে। প্রতিদিন বিপুল পরিমাণ চাঁদের গাড়ি (জিপ), সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা এই সেতু দিয়ে চলাচল করে।
সেতুটি ১৯৯৪ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। ছয় বছর আগে স্থানীয় লোকজনের উদ্যোগে সর্বশেষ এটি মেরামত করা হয়। তবে সংস্কারের উদ্যোগ না নিয়ে সেতুর মুখে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দায় সেরেছে সড়ক ও জনপথ বিভাগ।
জানতে চাইলে সওজের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, সেতুটিতে এমনিতে চাপ বেশি। সেতুর ওপর এক টনের বেশি ওজনের যানবাহন চলাচল করা ঝুঁকিপূর্ণ। তবে এখন তার চেয়ে আরও বেশি ওজনের যানবাহন চলাচল করে। এটি সেতুর জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, লোহার খুঁটি ৬০-৭০ বছর ব্যবহারের পর বাদ দেওয়া উচিত। কিন্তু সেতুটি এখনো চালু আছে। এখানে আরেকটি বিকল্প সেতু নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর ওপরের কার্পেটিং স্থানে স্থানে উঁচু–নিচু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে লোহার পাটাতনগুলো ভেঙে পড়েছে। অনেক পাটাতন মরিচা ধরে লক্কড়–ঝক্কড় হয়ে পড়েছে। নিচের খুঁটিগুলোর মাটিও সরে গেছে। সেতুতে গাড়ির গতি কমে যাওয়ায় দুই পাশে যানজট লেগেই থাকে।
সেতুর পাশের দোকানদার মুহাম্মদ আসাদ জানান, প্রতিদিনই সেতুর দুই পাশে যানবাহনের যানজট থাকে। দিনের পর দিন সেতুর ওপর যানবাহনের চাপ বাড়ছে। জরুরি প্রয়োজনে সেতু পারাপার করতে গিয়ে হালদার দুই পাড়ের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ইউনুস মিয়া জানান, সেতুটির প্রয়োজনের কথা উল্লেখ করে এলাকার লোকজন একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে এখনো কাজের কাজ কিছুই হয়নি।
চাঁদের গাড়ির চালক আবুল হোসেন জানান, সেতুর রেলিংগুলো ভেঙে যাওয়ায় রাতের বেলায় গাড়ি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া গাড়ি উঠলেই সেতুটি দোলনার মতো দুলতে থাকে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেতুটি দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।