সেতুর মাঝখানে গর্ত, গাড়ি চলাচল বন্ধ ছয় মাস

সরু সেতুর এক পাশে বড় গর্ত। ভেঙে গেছে রেলিং। দেখা দিয়েছে ফাটলও। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বন্ধ আছে যানবাহন চলাচল। এই হাল কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী উত্তরপাড়া-বটতলীয়া পাড়া সংযোগ সেতুর।
স্থানীয় লোকজন জানান, সেতুটি দিয়ে পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী, বটতলীয়াপাড়া, মিঠাবেপারীপাড়া, মগকাটা, জালিয়াখালী গ্রামের একাংশ, পূর্ব গোয়াখালী, উত্তরপাড়া ও ভোলাইয়াঘোনা গ্রামের বাসিন্দারা চলাচল করেন। ১৯৯৮ সালে খালের গোয়াখালী খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। এক বছর আগে সেতুর মাঝখানে ছোট একটি গর্ত হয়। কিন্তু মেরামত না করায় গর্তটি বড় হয়ে ছয় মাস ধরে গাড়ি চলাচল করছে না।
সরেজমিনে দেখা যায়, মানুষ হেঁটে সেতু পার হচ্ছে। সেতুর উত্তর পাশেও ফাটল দেখা দিয়েছে। সেতুতে সৃষ্টি হওয়া গর্তে বেরিয়ে আছে রড।
মিঠাবেপারীপাড়ার বাসিন্দা মো. ইউনুছ, নুরুল আবছার, মো. মহিউদ্দীন ও শহিদুল ইসলাম বলেন, আট গ্রামের বাসিন্দারা প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে চলাচল করছে। সেতুর ওপর দিয়ে কোনো প্রকার যানবাহন চলছে না। এ কারণে গোয়াখালী, বটতলীয়াপাড়া, মিঠাবেপারীপাড়া, মগকাটা ও জালিয়াখালী গ্রামের শিক্ষার্থীদের হেঁটে বিদ্যালয়ে যেতে হচ্ছে।
পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য বুলবুল জান্নাত বলেন, সেতুটি নিয়ে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। ইতিমধ্যে বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছে দ্রুত নতুন সেতু নির্মাণে ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পেকুয়া উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি জানিয়েছেন। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবউল করিম বলেন, সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়া ও ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করার বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।