
সচেতন
নূর হোসেন ও দিলদার হোসেন দুজনেই বেশ সচেতন লোক। কিছুদিন ধরে বিভিন্ন স্থাপনায় রডের পরিবর্তে বাঁশের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এটা খুবই বিপজ্জনক। এভাবে সব জায়গায় বাঁশের ব্যবহার করা হলে বিপদ হতে বাধ্য। এমনটা চললে ছোটখাটো নদী পারাপারে মানবসেতু ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেতু তৈরির ব্যাপারে সচেতনতা বাড়াতেই তাঁরা দুজন এই অভিনব মানবসেতুর ওপর দিয়ে হেঁটেছেন। এ ছাড়া পদ্মা সেতু তৈরিতে অনেক টাকার প্রয়োজন। টাকার অভাবে যদি কখনো পদ্মা সেতুর কাজ থেমে যায়, তাহলে জাতির হতাশ হওয়ার কারণ নেই। কারণ, চাঁদপুর ও জামালপুরে পদ্মা সেতুর বিকল্প চিন্তা হিসেবে মানবসেতু এরই মধ্যেই পরীক্ষিত হয়ে গেছে। এখন শুধু বসিয়ে দেওয়াটাই বাকি।
দূরদর্শী
নূর হোসেন ও দিলদার হোসেন—দুজনের দৃষ্টিভঙ্গি বেশ দূরদর্শী। বাংলাদেশের মতো দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে, এমনটা চলতে থাকলে আজ থেকে ১০০ বছর পর কোনো ফাঁকা জমি থাকবে না। মানুষে মানুষে ভরে যাবে প্রতিটি ইঞ্চি! তখন মানুষ কীভাবে চলাচল করবে? এর-ওর কাঁধের ওপর হাঁটা ছাড়া আর গতি থাকবে না। সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। তাঁদের দূরদর্শীসম্পন্ন এই দৃষ্টিভঙ্গি প্রশংসার দাবি রাখে।

সত্যিকারের সুপারহিরো
ম্যাট্রিক্স রিলোড সিনেমায় নায়ক তাঁর সুপারপাওয়ার দিয়ে লড়াই করার সময় ভিলেনদের ঘাড়ে, মাথায় পা দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। মানুষের ঘাড়ে, মাথায় পা দিয়ে হাঁটার জন্য যে সিনেমার সুপারহিরো হওয়ার প্রয়োজন নেই, চাইলে বাস্তবেও হওয়া যায়, নূর হোসেন ও দিলদার হোসেন তা-ই প্রমাণ করেছেন। তাঁরা আমাদের সতিকারের সুপারহিরো।
জিমন্যাস্ট
শারীরিক কসরত বা জিমন্যাস্টিকসে আমরা পিছিয়ে আছি। এই খেলায় দেহের ভারসাম্য রক্ষাটাই প্রধান। আমাদের দেশের খেলোয়াড়েরা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় গিয়ে এ ধরনের ইভেন্টে তেমন কোনো পদক আনতে পারেননি। দেশের এই দুর্নাম ঘোচাতেই নূর হোসেন ও দিলদার হোসেন জিমন্যাস্টিকস প্র্যাকটিসে নামেন। তাঁদের এই দেশপ্রীতি, ক্রীড়াপ্রীতি সহ্য করতে না পেরে অনেকেই অপপ্রচার ছড়িয়েছে।
উদ্ভাবনী
হালকা বৃষ্টি হলেই দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে যায়। ফলে চলাচলে অসুবিধা হয় সাধারণ মানুষের। এ সমস্যার কত সহজ সমাধান আমাদের হাতের কাছে ছিল, সেটা এতদিন কেউ বোঝেনি। মানবসেতু দিয়ে হেঁটে নূর হোসেন ও দিলদার হোসেন আমাদের বর্ষাকালীন জীবনযাপনের একটা প্রকট সমস্যার সহজ সমাধান উদ্ভাবন করেছেন। তাঁদের অভিনন্দন!