সেদিন আমরা সবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর হওয়ার জন্য এমন করে অপেক্ষা করিনি অনেক দিন। সূর্যটা যেন উঠছিলই না। সারা রাত মনের ভেতর উথাল-পাতাল চলছিল। ভাবছিলাম, কেমন হবে আগামীকাল? সবাই আসবে তো? আমাকে চিনবে তো? যদি না চেনে? যদি কথা না বলে?অবশেষে সকাল হলো। নিজেকে গুছিয়ে নিয়ে রওনা দিলাম। পথে যেতে যেতে রাতের চিন্তাগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছিল। স্কুলের ফটক পেরিয়ে যখন রিমা, এলি, ববি, কেয়া, চৈতি, ঊমা, টুপ্পা, চন্দন, শবনম, শাপলা, হাজেরা, অন্বেষা, আসমানি, মুক্তা, লীন, ইভা, জিসান, রূপা, সিনথিয়া—সবার সঙ্গে একে একে দেখা হলো, সব প্রশ্ন আর আশঙ্কা মুহূর্তেই উবে গেল। ১৫ বছরের দূরত্ব মিটে যেতে ১৫ সেকেন্ডও লাগল না। মনে হচ্ছিল, লম্বা বিকেলে ছুটির পর আজ স্কুলে এলাম। সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব একত্র করেছিল সব প্রাক্তন শিক্ষার্থীকে।স্কুলের ঢোকার মুখেই বাদ্যের তালে তালে নাচছিল প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল। বয়সের ভেদাভেদ ভুলে সবাই মেতে উঠেছিল হাসি আর আনন্দে। চলছিল দলবেঁধে ছবি তোলা ও কুশলবিনিময়। মনে পড়ে গেল, স্কুলের পিকনিকের দিনগুলোর কথা। আমাদের স্কুলের মাঠটা এত বড় ছিল যে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সব ছাত্রী একসঙ্গে পিকনিক করতে পারত। কি বিশালই না ছিল আমাদের স্কুলটা! স্কুলের সামনে ছিল বিশাল খেলার মাঠ, শাপলা-ফোটা পুকুর, ফসলি জমি, ফল আর ফুলের বাগান। আমরা প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলের দেয়াল, দরজা-জানালা ও গাছ ছুঁয়ে ছুঁয়ে, মাঠ পেরিয়ে, পুকুরপাড়ে একটু বসে সবাই যেন নিজের অতীতকেই খুঁজছিলাম। দিনের আলো ফুরিয়ে আসছিল, কিন্তু আমাদের কথা যেন ফুরোচ্ছিল না।বেদৌরা ফারহানা, ঢাকা।