সেদিন পেরেছিলাম বলেই আজও পারছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে সমাজে নিজেরা একটা অবস্থান তৈরি করেছেন। পাঠকেরা সেসব কাহিনী লিখে পাঠিয়েছেন নারীমঞ্চের ‘লড়াকু নারী’ বিভাগে। শুধু দেশের মধ্যেই নয়, ই-মেইল, চিঠিতে দেশের বাইরে থেকেও অসংখ্য লেখা এসেছে। সেখান থেকে নির্বাচিত লেখা আজ ছাপা হলো। আপনারা লেখা পাঠাতে থাকুন। নিয়মিত ছাপা হবে আপনাদের লড়াইয়ের গল্প

১৯৯৬ সাল। জীবনের প্রথম পাবলিক পরীক্ষা (এসএসসি) দিয়েছিলাম। তাই উত্তেজনা, উৎকণ্ঠা যেমন ছিল, তেমনি ছিল আনন্দ। ভালোই হচ্ছিল পরীক্ষা। গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষার আগে সম্ভবত তিন দিনের বন্ধ পেয়েছিলাম। পরীক্ষার কেন্দ্র ছিল পুরান ঢাকার ঢাকা কলেজিয়েট স্কুল।

প্রতিদিনের মতো সেদিনও সকালবেলা তৈরি হয়ে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিলাম। হঠাৎ করে আমার কাজিন এসে বলল, তোদের আজকের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে, আজ পরীক্ষা হবে না। তখন যোগাযোগব্যবস্থা এত ভালো ছিল না। কোনো খবর নিতে পারলাম না। ১০টা গড়িয়ে ১১টা, তখন আমার মনের ভেতরে কেমন জানি খুঁতখুঁত করছিল। মাকে বললাম, ‘মা, পরীক্ষা হোক বা না হোক আমি কেন্দ্রে যাই।’
স্কুলের গেটে ঢুকতেই শুনি পরীক্ষা চলছে। তখন পরীক্ষা শেষ হতে বাকি মাত্র ৪৫ মিনিট!
আমাকে পরীক্ষায় বসতে দেবে না। তখন আমি পুরো ঘটনা স্কুলের প্রধান শিক্ষক আপাকে খুলে বলি। তখন হাতে সময় ৩০ মিনিট। আপা বললেন, অতিরিক্ত সময় দেওয়া হবে না, ৩০ মিনিটে লিখতে পারবে? কোনো কথা না বলে খাতা নিলাম, লিখলাম, খাতা জমা দেওয়ার সময় কর্তব্যরত শিক্ষক দেখলেন খাতায় রক্ত। তখনো বুঝিনি গেট দিয়ে ঢোকার সময় বাড়ি লেগে মাথায় আঘাত পেয়েছিলাম। এরপর নৈর্ব্যক্তিক আর ব্যবহারিক পরীক্ষার পর মৌখিক পরীক্ষার সময় আপা বললেন, একটা প্রশ্ন করব, পারলে ব্যবহারিকে পুরো নম্বর দেব। সেদিন আমি পেরেছিলাম বলেই এসএসসিতে তিনটি বিষয়ে লেটারসহ প্রথম বিভাগে পাস করি। সেদিন পেরেছিলাম বলেই আজ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করতে পেরেছি। সময়ের সঙ্গে লড়াই করে আজ এ পর্যন্ত এসেছি। কারও ক্ষতি করিনি কখনো। সে কারণে ভুল খবরও আমাকে থামিয়ে দিতে পারেনি।
আসমা রহমান, প্রভাষক (বাংলা বিভাগ), ঢাকা বিজ্ঞান কলেজ