সেদিন যা দেখেছিলাম
৭ জানুয়ারি থেকে হলি ফ্যামিলি হাসপাতালে আছি। একটা অস্ত্রোপচার হয়েছে। এতকিছুর মধ্যে বঙ্গবন্ধু হত্যার আসা০িমদের ফাঁসির ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে কেমন একটা উত্তেজনা কাজ করছিল। মনে পড়ে, পঁচাত্তরের ১৫ আগস্ট হঠাত্ স্ত্রীর ভয়ার্ত কণ্ঠস্বর শুনে বিছানা ছাড়ি। গোলাগুলির শব্দ কানে আসে। স্ত্রীর আপত্তি না মেনে ভেসপায় চড়ে বসি। আসাদ গেটে সেন্ট যোসেফ স্কুলের কাছে আসতেই দেখি শেলের আঘাতে স্কুলের এক পাশের দেয়াল ধসে পড়েছে। সামনে ছুটে চলি। ধানমন্ডির সোবহানবাগ মসজিদের কাছে দুজন সেনা গতিরোধ করলেন, ‘সামনে যেতে পারবেন না।’ ঠিক তখনই সেখানে একটি লাল গাড়িতে কর্নেল জামিলকে দেখি। তাঁকে আগে থেকেই চিনতাম। কাছে গিয়ে জানতে চাই, কী হয়েছে? ইশারায় বললেন জানেন না। ঠিক তখনই কপাল থেকে রক্ত ঝরতে থাকা এক সেনা কর্মকর্তা এগিয়ে আসেন। স্টেনগান ঠেকিয়ে জামিল ভাইকে হাত তুলতে বলেন। জামিল ভাই হাত তুলতে তুলতেই আমি মসজিদের উত্তরের একটি গলিতে ঢুকে পড়ি। কানাগলি, শেষ মাথা বাড়িতে অবরুদ্ধ। দুপাশের সব বাড়ির গেটও বন্ধ। বাধ্য হয়ে মূল সড়কে ফিরে আসি। জামিল ভাইয়ের গাড়িটা চোখে পড়ল। ৩২ নম্বরের দিকে যাচ্ছিল সেটা। তখনো সমানতালে গুলির শব্দ পাচ্ছি। উপায় না দেখে আসাদ গেটের দিকে এগোই, মানিক মিয়া এভিনিউ হয়ে কারওয়ান বাজারের দিকে যাব। তেজতুরী বাজারে যেতেই ইটের স্তূপের ফাঁকে ফাঁকে দেখি সশস্ত্র সৈন্যরা দাঁড়িয়ে। শেরাটনের সামনে একটা ট্যাংক চোখে পড়ল। ঝটপট একটা ছবি তুলি। সেটাই ছিল আমার তোলা সেদিনের প্রথম ছবি। এরপর প্রেসক্লাবে যেতেই শুনি, সপরিবার নিহত হয়েছেন বঙ্গবন্ধু! লাশগুলো নাকি ততক্ষণে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। একটা চটের ব্যাগ জোগাড় করে ভেতরে ক্যামেরা লুকিয়ে ঢাকা মেডিকেলের দিকে ছুটে যাই। মেডিকেলের সামনে দুই লরি বোঝাই সেনা। সেখানে পুলিশ সার্জেন্ট এরশাদ লাশ মর্গে আসার বিষয় নিশ্চিত করলেন। অনেক ঝক্কি-ঝামেলা পেরিয়ে মর্গে লাশের কাছে চলে যাই। সেনাবাহিনীর লোকেরা হয়তো সুইপার বা তেমন কিছু ঠাউরে ছিল আমাকে। মর্গ তখন লাশ ধোয়া পানিতে থইথই। চারপাশে রক্তের গন্ধ! ভেতরে স্তূপাকারে পড়ে আছে লাশ! ফ্লাশ মেরে কিছু ছবি নিতেই দেখি স্ট্রেচারে করে এক মহিলার লাশ নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে। পরে জেনেছিলাম, লাশটি ছিলো শেখ মণির স্ত্রীর। ফের প্রেসক্লাবে ফিরে আসি। দুপুর ১২টার দিকে ক্লাবের সামনে দিয়ে একটা ট্যাংক যেতে দেখি। তার মাঝে পতাকা ওড়ানো প্রাইভেটকার। তাতে বসা খন্দকার মোশতাক ও তাহেরউদ্দিন ঠাকুর। ওই সময়টা ক্যামেরায় ধরে রাখার জন্য সচিবালয়ের দক্ষিণ পাশ দিয়ে স্টেডিয়ামের পূর্ব পাশে চলে যাই। আমাকে দেখেই ট্যাংকের গতি কমে আসে। সেটারও ছবি তুলি। ছবি তুলে ভেসপা স্টার্ট দিতেই এক সেনা কর্মকর্তার আদেশ, আমাকে বঙ্গভবনে যেতে হবে। গাঁইগুঁই করতেই অশ্লীল গালাগালি করে জিপে ওঠাতে বাধ্য করেন। বঙ্গভবনে গিয়ে দেখি খন্দকার মোশতাক ও তাহেরউদ্দিন ঠাকুর বসে আছেন। তাঁদের মাথার ওপর বঙ্গবন্ধুর ছবি। খন্দকার মোশতাক ফিল্ম খুলে নিয়ে আমার ক্যামেরা ফেরত দিতে বলেন একজনকে। নিজেই ফিল্ম খুলে দিই। দেখলাম, বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হচ্ছে। রাষ্ট্রপতির চেয়ারে গিয়ে বসছেন মোশতাক। আরও কয়েকজন সাংবাদিক ছিলেন। মোশতাকের কাছে গিয়ে বলি, মোশতাক ভাই, ৩২ নম্বরে যেতে চাই। রেগেমেগে বললেন, ‘পাগল নাকি, যাও বসো!’ বললাম, পত্রিকায় ছাপানোর জন্য নয়, ছবিগুলো আপনাদের রেকর্ডের জন্যেও তো দরকার। কোনো উত্তর পেলাম না। আধঘণ্টা পরে তাঁর কাছে আবার যেতেই বললেন, ‘দেখি, আর্মির সঙ্গে কথা বলি।’ একসময় সিদ্ধান্ত হলো আমাদের পাঁচজনকে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকতে দেয়া হবে। অনুমতিপত্র নিয়ে গেলাম মেজর হুদার কাছে। বিকেল তিনটার দিকে পশ্চিম দিকের সিঁড়ি দিয়ে বঙ্গবন্ধুর বাড়ির দোতলায় উঠতেই দেখি মেঝেতে রক্ত আর রক্ত। শোবার ঘরের মুখে সিঁড়িতে সাদা কাপড়ে ঢাকা লাশ। কাপড় সরাতেই দেখি বঙ্গবন্ধু পড়ে আছেন! পরনে চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি। বুকের বাঁ পাশে রক্ত। ক্যামেরায় ক্লিক করি। দোতলায় উঠে দেখি শোবার ঘরের দরজার সামনে একটি লাশ সাদা কাপড়ে ঢাকা। জানতে পারলাম, লাশটা বেগম মুজিবের। তাঁর ছবি তুলতেই নিষেধ এল। পুরো দেয়ালজুড়ে ফিনকি দেওয়া রক্তের চিহ্ন। শোবার ঘরে আরও তিনটি লাশ। মাঝের লাশটা ছোট। তাদের ছবিও তোলা হলো না। পাশে পড়ে থাকা জামালের লাশের ছবি তুলতে দিল। এরপর সোজা নিচে। এক পুলিশ কর্মকর্তার লাশ পড়ে ছিল সেখানটায়। আমাদের ক্যামেরার ফিল্ম খুলে নেওয়া হলো। রিলের ওপর লিখে রাখল আমার নাম ও দৈনিক ইত্তেফাক। তারপর একই জিপে বঙ্গভবনে নিয়ে আসা হয় আমাদের। শুনি, পাঁচটায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে দেখলাম বঙ্গবন্ধু সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ যথাক্রমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন!(অনুলিখিত)