সেদিন সকালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

ভোরে ঘুম ভেঙেছে আজ। মাঝেমধ্যেই আমার এ রকম হয়। কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়। বেশ তো ঘুমাচ্ছিলাম, এই ভেবে রাগ হয় নিজের ওপর। তবে আজ হচ্ছে না। ভোরবেলায় বিছানা ছেড়ে বরং ভালোই লাগছে। টুথব্রাশ হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালাম। হিম বাতাস গায়ে কাঁপন তুলছে। শিশির জমে আছে সামনের গাছটার সবুজ পাতায়।
মুখ-হাত ধুয়ে চাদর মুড়িয়ে বেরিয়ে পড়লাম। নাশতাটা সেরে আসা যাক। আজ ক্লাস নেই। অন্য কোনো কাজও নেই তেমন। কাজের মধ্যে, দুপুরের দিকে ভাইয়ার বাসায় যেতে হবে।
এসব সাত-পাঁচ ভেবে হাঁটছিলাম। হল থেকে বেরিয়ে একটু সামনেই ছোটখাটো একটি বাজার। মোড় পেরিয়ে বাজারে ঢুকতেই দেখলাম ছোট একটা টংদোকান। তার পাশে ছাউনির নিচে এক ছেলে কাঁদছে। তার সামনে সটানে শুয়ে আছে একজন। ছেলেটার বয়স ১০-১১ বছর হবে। ‘ভাইজান একটু সাহায্য করেন, কাফন কিনবার টাকা নাই।’ কাছে যেতেই আমাকে দেখে বলল।
আমি কিছু টাকা ছেলেটার হাতে তুলে দিলাম। ‘পরিচিত কাউকে খবর দিয়েছ?’ জিজ্ঞেস করি আমি। সে মাথা নাড়িয়ে বলল, তার এক মামাকে খবর পাঠিয়েছে। ততক্ষণে দু-একজন করে কাছে ভিড়তে শুরু করছে। কৌতূহলী মানুষ যে যার মতো প্রশ্ন করছে। ছেলেটি কান্না জড়ানো গলায় উত্তর দিয়ে যাচ্ছে।

বিলম্ব না করে আমি রাজা মিয়ার হোটেলের এক কোনায় গিয়ে বসলাম। এখানের খিচুড়িটা খুব ভালো হয়। বেশ সকালে চলে এসেছি। খিচুড়ি এখনো চুলায়। একটু অপেক্ষা করতে হবে।

নাশতা সেরে যখন ফিরছিলাম, দেখি ছেলেটার মামা এসেছেন। মৃত মানুষকে ভ্যানে তোলা হয়েছে। ছেলেটা পেছনে উঠে বসেছে।

একটু পর ভ্যানের চাকা ঘুরতে শুরু করল। তবু আমি তাকিয়েই থাকলাম। ঝাপসা হয়ে একসময় হারিয়ে গেল ভ্যানটি।

মাহদী হাসান

জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট।