যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া তাদের সেনাবাহিনীতে রোবটিকস প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বেশ কয়েক বছর আগে থেকেই। কিন্তু বাংলাদেশে রোবট নিয়ে গবেষণার পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়টি মাথায় রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তিন শিক্ষার্থী উদ্ভাবন করলেন ইউজিভি লাইনার রোবট (চালকবিহীন স্থল রোবট)। চুয়েটের তিন শিক্ষার্থী হলেন: যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের সাইদুর রহমান, দ্বিতীয় বর্ষের নুরুল আমিন ও মাকসুদুর রহমান। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের প্রকল্প প্রদর্শনীতে এ রোবটটি প্রথম স্থান লাভ করে। রোবটটি কীভাবে কাজ করে? এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান বলেন, ‘আমরা এমন এক ধরনের চালকবিহীন রোবট সিস্টেম নিয়ে কাজ করেছি, এই রোবট হবে কম্পিউটার সফটওয়্যার-নিয়ন্ত্রিত।’ সফটওয়্যারের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করা হয়। আর এ কাজটি করা হয় কম্পিউটারাইজড রোবটিক কন্ট্রোল সিস্টেম নামের সফটওয়্যারের মাধ্যমে। আরেক উদ্ভাবক নুরুল আমিন জানান, রোবটটি গন্তব্যে পৌঁছে তার নিজস্ব রোবটিক বাহু (আর্ম) দিয়ে নির্দিষ্ট বস্তুকে তুলে নিতে এবং সেই সঙ্গে বস্তুর রং চিহ্নিত করতে পারে। রোবটটি তিনটি মৌলিক রং, যেমন—লাল, সবুজ, নীল রংকে চিহ্নিত করে তার সংকেত সফটওয়্যারে পাঠাতে সক্ষম।উদ্ভাবক মাকসুদুর রহমান জানান, মহাকাশে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানেও এ রোবট ব্যবহার করা যাবে। এ ছাড়া রোবটটি কোনো স্থানের তাপমাত্রা, গ্যাসীয় অবস্থা ইত্যাদির তথ্য সংগ্রহ ও পাঠাতে সক্ষম। রোবট তৈরির এ প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মামুনুর রশিদ ও সাকের উল্লাহ চৌধুরী। এ রোবট প্রসঙ্গে মামুনুর রশিদ বলেন, রোবটটির জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, তা খুবই ভালো কাজ করছে। আর্থিক সহায়তা পেলে রোবটটির কর্মক্ষমতা আরও বাড়ানো সম্ভব।