সেনা ও সরকারের টানাপোড়েন তুরস্কে
তুরস্কের শীর্ষ সেনা নেতৃত্বের দেশের রাজনীতিতে সম্পৃক্ততার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশের ধর্মনিরপেক্ষতার স্বনিয়োজিত রক্ষক তুর্কি সেনাবাহিনী ১৯৬০, ১৯৭১, ১৯৮০ ও ১৯৯৭ সালে অভ্যুত্থান করেছে। কিন্তু হঠাৎ করে তুরস্কের শীর্ষ সেনা নেতৃত্ব ক্ষমতাকেন্দ্র থেকে দূরে সরতে ব্যতিব্যস্ত হয়ে উঠল! একযোগে আগাম অবসর চেয়ে একধরনের ‘গণপদত্যাগ’ করেছেন তাঁরা। ঘটনাটিকে ক্ষমতাসীন ন্যায়বিচার ও উন্নয়ন দলের (একেপি) সঙ্গে সেনাবাহিনীর টানাপোড়েনের প্রতিফলন হিসেবেই দেখছেন পর্যবেক্ষকেরা।অবসরের আবেদন করা চার জেনারেলের মধ্যে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ইসিক কোসানের। লক্ষণীয় বিষয় হচ্ছে, সেনা কর্মকর্তারা ঠিক পদত্যাগ করেননি, তাঁরা অবসর নিয়েছেন। পদত্যাগ করলে পেনশন ও অবসরকালীন সুবিধা মিলবে না বলেই নাকি এ ব্যবস্থা।তুরস্কের সেনাবাহিনী ও বর্তমান সরকারের মধ্যে বিরোধের অভাব ছিল না। যেকোনোটিই বড় সংকটে পর্যবসিত হতে পারত। সেনা কর্মকর্তাদের অবসরের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই তুরস্কের এক আদালত কয়েকজন জেনারেলসহ ২২ জনকে সরকারবিরোধী তৎপরতার দায়ে অভিযুক্ত করেন। আবার এর তিন দিন পরই ছিল সুপ্রিম মিলিটারি কাউন্সিলের বৈঠক। দ্বিবার্ষিক এ বৈঠকে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ নিয়োগগুলো হয়ে থাকে।রিসেপ তায়িপ এরদোয়ান সরকার সেনাবাহিনীর ২০০৩ সালের একটি কথিত অভ্যুত্থানের তদন্তের ব্যাপারে সমর্থন দিয়েছে। ‘স্লেজহ্যামার কেস’ নামে পরিচিত ওই মামলার সূত্রে প্রায় ২০০ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সন্দেহভাজনদের মধ্যে ৪১ জন এখনো সেনাবাহিনীতে সক্রিয় দায়িত্বে আছেন। সরকার আগে ইঙ্গিত দিয়েছিল, আগস্টে অনুষ্ঠেয় সুপ্রিম মিলিটারি কাউন্সিল বৈঠকে তাঁদের পদোন্নতি আটকে দেওয়া হবে। সামরিক কর্মকর্তাদের শীর্ষ পদে পদোন্নতি দেওয়া নিয়ে এর আগেও তুর্কি সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে বিরোধ হয়েছে। গত বছরও সুপ্রিম মিলিটারি কাউন্সিলের বৈঠকের আগে সরকার ও সেনাবাহিনী এ রকম মুখোমুখি অবস্থানে এসেছিল।এই বিরোধের মূলে রয়েছে দেশের ভবিষ্যৎ নিয়ে সরকার ও সামরিক বাহিনীর ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি। একেপি সমর্থকদের অভিমত হচ্ছে, দশকের পর দশক সেনাবাহিনী ও ইস্তাম্বুলের অভিজাত শ্রেণী দ্বারা শাসিত তুরস্কে দলটির সরকার অধিকতর গণতন্ত্র এনেছে। অন্যদিকে সামরিক বাহিনী ও পার্লামেন্টে তাদের সমর্থকেরা একেপির বিরুদ্ধে ধীরে ধীরে তুর্কি সমাজের ইসলামীকরণের অভিযোগ করে থাকে। তাদের আরেকটি অভিযোগ, সরকার ভিন্নমতের কণ্ঠরোধ করতে বিরোধীদের ওপর দমননীতি চালাচ্ছে। এই বিতর্ক দীর্ঘদিন ধরেই বিভক্ত করে রেখেছে তুরস্ককে। সাম্প্রতিক কয়েক মাসে তা কেবল আরও উত্তপ্ত হয়েছে। গত জুনে নতুন পার্লামেন্ট অধিবেশনে বসার পর বিরোধী দলের ১৬৯ জন এমপি শপথ নিতে অস্বীকৃতি জানান। এতে সাময়িকভাবে অচল হয়ে পড়ে পার্লামেন্ট। সেবারও বিরোধের কারণ ছিল এক ফৌজদারি তদন্ত। আদালত আটজন এমপিকে সংসদে যোগদানের অযোগ্য ঘোষণা করার প্রতিবাদে তাঁদের সহকর্মীরা পার্লামেন্ট বয়কট করেন। ওই এমপিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ ছিল।অন্য সূচকগুলো ভালোই। গত এক দশকে তুরস্কের অর্থনীতি তিন গুণের বেশি বেড়েছে। দেশটির আঞ্চলিক প্রভাব ক্রমেই বাড়ছে, বিশেষ করে মিসর ও সিরিয়ায়। কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা যদি এ রকম সঙ্গিন থেকে যায়, তাহলে বহির্বিশ্বের প্রায় কেউই ‘নতুন তুর্কি মডেল’ অনুসরণ করতে আগ্রহী হবে না। দেশের সব নাগরিক তো নয়ই। মাহফুজার রহমান