সেনা-কর্মকর্তা হতে হলে
সেনাবাহিনীতে দশম স্বল্পমেয়াদি পুরুষ ও মহিলা কমিশন্ড অফিসার হিসেবে লোক নেওয়া হচ্ছে। দুঃসাহসিক নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করতে একবার চেষ্টা করে দেখা যেতে পারে এই পদের প্রতিযোগিতায় অংশ নিয়ে। আইএসপিআর সূত্রে জানা যায়,১ জানুয়ারি ২০১১-এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ২৩ বছর, তরুণদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন হতে হবে ৪৫.৩৬ কেজি, বুক ৩০ থেকে ৩২ ইঞ্চি। আর তরুণীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪০.৮২ কেজি আর বুক ২৮ থেকে ৩০ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতায় থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৩.৫০। আবেদনপত্র পাওয়ার জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘সেনা সদর, এজি শাখা, পিএ পরিদপ্তর, ঢাকা সেনানিবাস’-এর অনুকূলে ২০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংগ্রহ করতে হবে। এই ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে ঢাকা, সাভার, রাজেন্দ্রপুর (গাজীপুর), বগুড়া, রাজশাহী, কাদিরাবাদ (নাটোর), শহীদ সালাহ্উদ্দিন (ঘাটাইল/টাঙ্গাইল), ময়মনসিংহ, কুমিল্লা, জালালাবাদ (সিলেট), চট্টগ্রাম, যশোর, জাহানাবাদ (খুলনা), রংপুর, সৈয়দপুর (নীলফামারী) সেনানিবাসের স্টেশন সদর দপ্তরে। এ ছাড়া সদর দপ্তর রিক্রুটিং ইউনিট (আজিমপুর), সদর দপ্তর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (১৬০ কাকরাইল, ঢাকা), জেলা সশস্ত্র বাহিনী বোর্ড (ডিএএসবি) কুষ্টিয়া, বগুড়া, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, যশোর, সিলেট, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, দিনাজপুর, ফরিদপুর, জামালপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী ও পার্বত্য চট্টগ্রামের অফিসসমূহ এবং বিএনসিসি সদর দপ্তরেও আবেদনপত্র পাওয়া যাবে।এবার আসা যাক পরীক্ষার কথায়। কেমন হবে পরীক্ষা কিংবা কয় ধাপে হবে। প্রথমেই হবে স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। এটি অনুষ্ঠিত হবে ৫ মে ২০১০ থেকে ২৬ মে ২০১০ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪ জুন অংশ নেবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর এই লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেবে ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির পরীক্ষায়। এটি হবে চার দিনের। এই চার দিনের পরীক্ষায় থাকবে নানা বিষয়। ব্যক্তিত্ব ও সামরিক কর্মকর্তা হিসেবে কাজ করার দক্ষতার প্রকাশ ঘটানোর মূল জায়গা এই চার দিনের পরীক্ষা। এখানে রয়েছে মনস্তাত্ত্বিক পরীক্ষা, আইকিউ পরীক্ষা, রচনা ও গল্প লেখা; রয়েছে উপস্থিত বক্তব্য ও বিতর্ক, সেই সঙ্গে আত্মসমালোচনাও করতে হবে। শুধু তা-ই নয়, এখানেও মৌখিক পরীক্ষার সম্মুখীন হতে হবে। নিজের বুদ্ধিদীপ্ততা কতটুকু তা নিজেই পরিমাপ করার সুযোগ রয়েছে এ পর্যায়ে। এ পর্ব শেষে সর্বশেষ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আর এ জায়গায় উতরে গেলেই পরীক্ষার্থী হয়ে যাবে একজন সেনাবাহিনীর কর্মকর্তা। প্রশিক্ষণ পর্বটা সাফল্যের সঙ্গে পার হলে তিনি হয়ে উঠবেন কমিশন্ড অফিসার ও বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা। কেউ যদি পড়ালেখার বিষয়ে আগ্রহী হয়, তবে সেনাবাহিনীতে প্রবেশের সঙ্গে সঙ্গেই উচ্চশিক্ষার দুয়ার খুলে যাবে। তাঁর জন্য সেনাবাহিনীতে যোগদানের পর প্রথম দুই বছর যে প্রশিক্ষণ চলবে সেই সময়ে শুধু নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে। এই দুই বছরে ভালো ফল দেখাতে পারলে এমনিতেই একজন অর্জন করতে পারবেন বিএ অথবা বিএসসি। এরপর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অর্জন করা যাবে চার বছরের স্নাতক ডিগ্রি। আর বিষয় বাছাই? তাও ব্যক্তির পছন্দের ওপর নির্ভর করবে। যোগ্যতার ভিত্তিতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, এমবিএ, মাস্টার্স ইন ডিসেন্স স্টাডিজসহ নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এখানে। সেই সঙ্গে চাকরির জ্যেষ্ঠতার ওপর নির্ভর করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরেও যাওয়ারও সুযোগ রয়েছে। এ তো গেল পড়ালেখার সুযোগ। বেতন-ভাতাসহ নানা সরকারি সুবিধা অন্য অনেক পেশার চেয়ে এখানে বেশিই বলা চলে। তা ছাড়া এ পেশায় থেকে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ তো রয়েছেই। জাতিসংঘ শান্তি মিশনের সদস্য হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সুযোগ পেতে পারেন অনেকেই। কিন্তু কমিশন্ড অফিসারের জন্য কি কোনো প্রস্তুতির প্রয়োজন আছে? আছে। কিন্তু কীভাবে? সব সময় থাকতে হবে সাম্প্রতিক জ্ঞানের সঙ্গে। পড়তে হবে পত্রিকা, সাধারণ জ্ঞানের বই। দেখতে ও শুনতে হবে খবর। নিজের চারপাশে যা ঘটছে তার দিকে রাখতে হবে সুতীক্ষ নজর। সেই সঙ্গে ইংরেজি বিষয়ের ওপর ভালো দখল থাকা তো চায়। তাই ইংরেজি শেখার কাজে এখন থেকে লেগে যাওয়াই ভালো। এ ছাড়া মনের অবস্থা বোঝার জন্য প্রয়োজনে যেকোনো মনোবিজ্ঞানী কিংবা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে আইকিউ ও মনস্তাত্ত্বিক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বাজারে নানা রকম ডিফেন্স গাইড পাওয়া যায়। এগুলো থেকে প্রশ্নের ধরন বুঝে নিজেকে তৈরি করার মিশনে লেগে যাওয়া উচিত আজ থেকেই। সেই সঙ্গে মনে রাখতে হবে, ভাবী সামরিক কর্মকর্তাকে চারিত্রিকভাবে দৃঢ় হতে হবে, নীতিগত দিক থেকে হতে হবে সত্।আরেকটি কথা, পরীক্ষা দিতে এসে ঘাবড়ালে চলবে না। নিজেকে হতে হবে আত্মবিশ্বাসী ও সাহসী। যে সময় নিজেকে প্রস্তুত মনে হবে, তখনই যাচাই করে নেওয়া উচিত নিজের যোগ্যতা।মনে রাখতে হবে, প্রতিবছরই দুবার করে সেনা, নৌ ও বিমান বাহিনীতে নতুন সদস্য নেওয়া হয়। বছরের মে-জুন সময়কালে একবার এবং ডিসেম্বরে একবার। তবে দুবার আইএসএসবি কর্তৃক স্ক্রিন্ড আউট হলে আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ স্লোগানে সেনাবাহিনীর পথচলা। সেনাবাহিনী সম্পর্কে আরও কিছু জানতে চাইলে, ভিজিট করা যেতে পারে www.army.mIl.bd।