
সেনা বা নৌবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত শুক্রবার বিকেলে শাহপরীর দ্বীপের তিন রাস্তার মাথা নামক স্থানে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানানো হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।
টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলী, শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক এম এ হাশেম, শাহপরীর দ্বীপের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইসমাইল, সনজিদা বেগম, শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, হাজী বশির আহমদ উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ফরিদুল আলম, জসিম উদ্দীন, ডাংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ, আওয়ামী লীগ নেতা মনির উল্লাহ, জাহেদ হোসেন, ব্যবসায়ী হাফেজ মো. আরমান, টেকনাফ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে শাহপরীর দ্বীপের পশ্চিম অংশের এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। ২০১৫ সাল পর্যন্ত এই ভাঙা অংশটি পুনর্নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শত কোটি টাকা খরচ করলেও বাঁধ ভাঙাই রয়ে গেছে। ফলে শাহপরীর দ্বীপের ১০ হাজার একর ফসলি জমি সাগরে বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে পাঁচ হাজার মানুষ। পাঁচ বছর ধরে শাহপরীর দ্বীপের মানুষ সড়কপথে সরাসরি টেকনাফ যেতে পারছে না। কারণ, ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়া জোয়ারের পানিতে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাঁচ কিলোমিটার বিচ্ছিন্ন অবস্থায় আছে। নানা চেষ্টা–তদবির আর আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ১০৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ঠিকাদারের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হলে আবারও দুর্নীতি হবে। ফলে শাহপরীর দ্বীপের প্রায় ৪০ হাজার মানুষের দুঃখ থেকেই যাবে। তাই শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি দুর্নীতিমুক্ত ও টেকসই বাস্তবায়নের স্বার্থে সেনা বা নৌবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের দাবিতে এলাকার মানুষ মাঠে নেমেছে।
পাউবো সূত্র জানায়, শাহপরীর দ্বীপ পশ্চিমের ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য ২০১৬ সালের ১৬ আগস্ট একনেকের সভায় প্রায় ১০৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন।