সেনা মোতায়েনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ আসন (উখিয়া-টেকনাফ) থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান ওরফে বদিকে নিয়ে চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইল আতঙ্কে রয়েছেন। পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা সাংসদের হস্তক্ষেপে নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন। এ কারণে তাঁরা নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। জোটের মেয়র পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ইসমাইল (চশমা) অভিযোগ করেন, ‘উপজেলা নির্বাচনের মতো পৌরসভাতেও আচরণবিধি লঙ্ঘন করে সাংসদ আবদুর রহমান ভোটকেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করতে পারেন। ইতিমধ্যে তিনি আমার দলের সমর্থক ও নিকটাত্মীয়দের মারধর ও ভীতি প্রদর্শন করেছেন। প্রশাসনকে তিনি নিজের মতো করে ব্যবহার করছেন। ফলে এই পৌরসভায় অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’ সম্প্রতি মোহাম্মদ ইসমাইল এসব কারণ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে সেনাবাহিনী মোতায়েন করতে আবেদন করেন। ভোটাররা জানান, মোহাম্মদ ইসমাইলের প্রতিদ্বন্দ্বী মহাজোট-সমর্থিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম (আনারস) হচ্ছেন সাংসদের আপন চাচা। এলাকায় তিনি বেশ জনপ্রিয়। এ ছাড়া তিনি দানবীর হিসেবে পরিচিত। এ কারণে বিএনপি-জামায়াত সাংসদের প্রসঙ্গ টেনে এনে মহাজোট প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। অভিযোগ প্রসঙ্গে সাংসদ আবদুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতচক্র আমার বিরুদ্ধে রটনা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত চালাচ্ছে। এ পৌরসভায় আমিই প্রথম নির্বাচিত মেয়র ছিলাম। এখন আমার চাচা নির্বাচন করছেন দেখে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে। অপপ্রচার যা হচ্ছে—তা বিএনপি-জামায়াতের নাটক। জোটের দুর্বল প্রার্থীর নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে তারা আমাকে নিয়ে আবোল-তাবোল বকছে। বরং ইসমাইলের পক্ষে বহিরাগত শিবির ক্যাডার ও রোহিঙ্গা সন্ত্রাসীরা এলাকায় গিয়ে মহড়া চালিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এসব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে।’ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের প্রস্তুতি প্রায় শেষ। আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে পুলিশ আনসার ম্যাজিস্ট্রেট নিয়োগের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। এদিকে, শেষ মুহূর্তে দুই মেয়রের পাশাপাশি তিনটি সংরক্ষিত ও নয়টি ওয়ার্ডের নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও শেষবারের মতো ভোটারদের কাছে যাচ্ছেন। একটি বারের জন্য সুযোগ চেয়ে তাঁরা পৌরসভার নানা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ফিরিস্তি ভোটারদের কাছে তুলে ধরছেন। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ১১ হাজার ১১২। এর মধ্যে নারীর সংখ্যা পাঁচ হাজার ২৭১।