সেনা মোতায়েনের দাবি বিরোধীদলীয় প্রার্থীদের, আওয়ামী লীগের ‘না’
চট্টগ্রামের মিরসরাই সদর ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৪ মেয়র পদপ্রার্থীর ১২ জন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন। এ জন্য তাঁরা সেনা মোতায়েনেরও দাবি তোলেন। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাৎ করে তাঁরা এই দাবি তোলেন বলে জানা গেছে।ইউএনও মো. সাঈদ কুতুব বলেন, ‘কয়েকজন প্রার্থী আমার সঙ্গে দেখা করে প্রচারণার কাজে বাধা সৃষ্টির কিছু অভিযোগ এবং সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। আমি তাঁদের সবকিছু লিখিতভাবে দিতে বলেছি।’ ইউএনও বলেন, ‘কিছু অভিযোগ থানায় পাঠানো হচ্ছে।’সেনা মোতায়েনের পক্ষের মেয়র প্রার্থীরা ইউএনএকে জানিয়েছেন, এই উপজেলায় সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের। এই দুজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জিতিয়ে আনতে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে পারেন বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।যে দুজন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও সেনা মোতায়েনের দাবি জানাচ্ছেন না, তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এঁরা হলেন মিরসরাইয়ের এম শাহজাহান এবং বারইয়ারহাটের আবু তাহের ওরফে তাহের ভূঁইয়া। শাহজাহান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তাহের যুগ্ম সম্পাদক। এম শাহজাহান প্রথম আলোকে বলেন, এখানে সেনা মোতায়েনের দরকার নেই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা প্রয়োজন, তার সবই প্রশাসন করেছে। আবু তাহেরও একই রকম কথা বলেন।মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই দুই পৌরসভায় ১৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা। মিরসরাইয়ে আটজন এবং বারইয়ারহাটে ছয়জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জানা যায়, মিরসরাইয়ে মেয়র পদপ্রার্থীর মধ্যে উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, মাস্টার এনামুল হক, ফকির আহম্মদ, নাছির উদ্দিন, শহীদুন্নবী, কামরুদ্দীন লতিফী, মোশারফ হোসেন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি তুলেছেন। একই দাবি তোলেন বারইয়ারহাটের মেয়র প্রার্থী জালাল উদ্দিন, মাঈনুদ্দিন লিটন, অধ্যক্ষ ফজলুল করিম, আলী আহসান ও সাহাব উদ্দিন।আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত মিরসরাইয়ের মেয়র পদপ্রার্থী মাস্টার এনামুল হক বলেন, সেনা মোতায়েন না হলে এখানে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। বারইয়াহাটের মেয়র পদপ্রার্থী মাঈনুদ্দিন লিটন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের কর্মীরা আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’পৌর বিএনপির সদস্য ও বারইয়ারহাটের বর্তমান মেয়র জালাল উদ্দিন বলেন, ‘নির্বাচনে কে জয়ী হবে সেটা বড় কথা নয়; ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, সেটাই সন্দেহ।’ জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, একজন কাউন্সিলর তাঁর প্রচারকাজে বাধার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আরও কয়েকজন মৌখিকভাবে অভিযোগ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তবে নির্বাচনের সময় কখন কী হয় বলা যায় না।