সেনাবাহিনীর উদ্যোগে বাঙ্গালহালিয়া বাজারে অগ্নিনির্বাপণ মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে সেনাবাহিনীর উদ্যোগে ২৪ মার্চ অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়। আগুন লাগলে দ্রুত কী ব্যবস্থা নেওয়া উচিত, কীভাবে জানমাল রক্ষা করা যায়, ঘরে আটকে পড়া লোকজনকে রক্ষা করার উপায়, আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া ইত্যাদি বিষয় ছিল মহড়ায়। কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়নের উদ্যোগ এবং কাপ্তাই অগ্নিনির্বাপণকেন্দ্রের (ফায়ার সার্ভিস) সহযোগিতায় ওই মহড়া অনুষ্ঠিত হয়। ৪০ সেনাসদস্য ও ১২ জন অগ্নিনির্বাপণকেন্দ্রের সদস্য মহড়ায় অংশ নেন। মহড়ায় সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াস হোসেন এবং অগ্নিনির্বাপণকেন্দ্রের পক্ষে নেতৃত্ব দেন কাপ্তাই কার্যালয়ের কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি।বাঙ্গালহালিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি পুলক চৌধুরী ও সাধারণ সম্পাদক অরুণ সেন বলেন, ‘এ ধরনের মহড়া আমাদের খুব প্রয়োজন ছিল। বাজারের চার শতাধিক ব্যবসায়ী সব সময় আগুনের ভয়ে শঙ্কিত থাকেন। গত ১০ বছরে সাতবার বাঙ্গালহালিয়া বাজারে আগুন লাগে।’ সেনাবাহিনীর মেজর মো. সালেহ্হীন জানান, এখন আগুন লাগার মৌসুম। আগুন লাগলে অগ্নিনির্বাপণকেন্দ্রের সদস্যরা না আসা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে স্থানীয় লোকজন যাতে আগুন নেভাতে ভূমিকা রাখতে পারে সে জন্য সেনাবাহিনীর উদ্যোগে মহড়া করা হয়েছে। লে. কর্নেল ইলিয়াস হোসেন বলেন, বাঙ্গালহালিয়া ও রাজস্থলীতে বিশাল বাজার রয়েছে। ওই দুটি বাজারে এক হাজারেরও বেশি ব্যবসায়ী রয়েছেন। এ ছাড়া আবাসিক এলাকা তো আছেই। বাঙ্গালহালিয়া বা রাজস্থলী আসতে হলে লিচুবাগানে কর্ণফুলী নদীতে ফেরি পেরিয়ে আসতে হয়। লিচুবাগান থেকে বাঙ্গালহালিয়ার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। রাজস্থলীর দূরত্ব ৭৫ কিলোমিটার। এসব এলাকায় দুর্ঘটনা ঘটলে কাপ্তাই বা চট্টগ্রাম থেকে অগ্নিনির্বাপণকেন্দ্রের গাড়ি আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। তাই আগুন থেকে বাঁচার উপায় এবং আগুন লাগলে কী করতে হবে সে সম্পর্কে সচেতন করতে স্থানীয় লোকজনের অনুরোধে এ ধরনের মহড়ার আয়োজন করা হয় বলে লে. কর্নেল ইলিয়াস হোসেন জানান।