প্রধানমন্ত্রী বরাবরে শাহপরীর দ্বীপবাসীর স্মারকলিপি
সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেড়িবাঁধ নির্মাণের দাবি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় লোকজন।
গত ২৮ আগস্ট কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, আওয়ামী লীগের শাহপরীর দ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি সোনা আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুস বাঙালি, আইনজীবী ফখরুল ইসলাম প্রমুখ।
শাহপরীর দ্বীপ আওয়ামী লীগের সভাপতি সোনা আলী বলেন, ভাঙা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৯৭ কোটি টাকা খরচ করেছে। কিন্তু দুর্নীতির কারণে বাঁধ ভাঙাই রয়ে গেছে। তাই এবার মানুষ বাঁধ নির্মাণকাজে সেনাবাহিনীর তত্ত্বাবধান চাইছে।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুস বাঙালি বলেন, শাহপরীর দ্বীপের ৪০ হাজার মানুষের প্রাণের দাবি এ প্রকল্পটি যাতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজ সম্পন্ন করতে স্মারকলিপি দিয়েছেন শাহপরীর দ্বীপের বাসিন্দারা। এটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান জানান, ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক কমিটির (একনেক) সভায় শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ১০৬ কোটি টাকা (২ দশমিক ৬৪৫ কিলোমিটার) বরাদ্দ দেওয়া হয়। এখন টাকা ছাড়ের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার অপেক্ষা। এরপর কাজের বিপরীতে দরপত্র আহ্বান করা হবে। ২০১৭ সালের জানুয়ারি মাসে শুরু হবে বেড়িবাঁধের নির্মাণকাজ।