সেনাশাসকের গণতন্ত্র-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মীদের সমালোচনা আর প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে ভারত সফর সারলেন মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান জেনারেল থান শোয়ে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতন্ত্র হরণকারী এক শাসকগোষ্ঠীর প্রধানের এ সফর বিরোধীদের প্রতিবাদের পাশাপাশি পর্যবেক্ষক মহলে জাগিয়েছে কৌতূহল এবং হয়তো ক্ষেত্রবিশেষে মৃদু বিস্ময়ও। অর্থনীতি বা ভূরাজনৈতিক কৌশলগত স্বার্থের কাছে মানবাধিকার আর গণতন্ত্রের মতো আদর্শের বুলি চাপা পড়ে যাওয়া নতুন কিছু নয়। অনেকেরই মতে, সে ঘটনারই দীর্ঘ তালিকায় এ এক নতুন সংযোজন মাত্র। মিয়ানমারের স্বৈরশাসক থান শোয়ের মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যম ও জনগণের বাক্স্বাধীনতা হরণের জন্য দেশে ও দেশের বাইরে সমালোচিত তারা। বিশ্বের ১৬৪টি মানবাধিকার সংগঠনের জোট ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস থান শোয়ের সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লিখিতভাবে বলেছিল, মিয়ানমারে গত কয়েক বছরে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ঘটনা ঘটেছে, যেগুলো যুদ্ধাপরাধের শামিল। তাই এসব বিষয়ে নয়াদিল্লি যেন থান শোয়ের ওপর চাপ সৃষ্টি করে। তা মিয়ানমারে গণতন্ত্রের মুক্তির জন্য সহায়ক হবে। এশিয়ার প্রভাবশালী দেশ ভারত নব্বইয়ের দশকে মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির জোর সমর্থক ছিল। বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ১৯৯৩ সালে নেহরু শান্তি পুরস্কারে ভূষিত করে নয়াদিল্লি। কিন্তু সেই থেকে গঙ্গা আর ইরাবতীর পানি বহুদূর গড়িয়েছে। বদলে গেছে ভারতের পররাষ্ট্র দপ্তরের অগ্রাধিকার। দেশটি এখন পুবের প্রতিবেশী মিয়ানমারকে পূর্ব এশিয়ার দেশগুলোর তোরণদ্বার হিসেবে দেখছে। জ্বালানির ক্ষিধে প্রতিনিয়ত বেড়ে চলা ভারত মিয়ানমারের তেল-গ্যাসের নিশ্চিত মজুদের সুবিধা হারাতেও রাজি নয়। এ ব্যাপারে চীনের সঙ্গে পাল্লা দিতে চায় তারা। মিয়ানমারের আরাকান রাজ্যের বিপুল তেল যাচ্ছে চীনে। ওই তেলক্ষেত্রসহ মিয়ানমারের প্রাকৃতিক সম্পদে এবার ভারতও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে তত্পর। বর্মী গণতন্ত্রের ‘মানসকন্যা’ বছরের পর বছর ধরে কারাবন্দী সু চিকে নিয়ে ভাবনা অন্তত এই বিষয়ে ভারতের পথে বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে হচ্ছে।একজন শীর্ষ নেতার বক্তব্যেই ভারতের পরিবর্তিত মনোভাব স্পষ্ট হবে, যদিও কথাটা কয়েক মাস আগের। এ বছরের গোড়ার দিকে তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী (এখন অর্থমন্ত্রী) প্রণব মুখার্জি মিয়ানমার সফর করেন। তখন তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। নয়াদিল্লি চায় সবখানে গণতন্ত্রের বিকাশ ঘটুক। কিন্তু আমরা আমাদের আদর্শ রপ্তানি করতে আগ্রহী নই। মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে আগ্রহী নয় নয়াদিল্লি।’থান শোয়ের ভারত সফরের খবর স্থানীয় গণমাধ্যম রেখে-ঢেকে প্রচার করেছে। এ সময়ের মধ্যে কোনো সংবাদ সম্মেলনও করা হয়নি। দেওয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তি। অবশ্য ২৭ জুলাই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি যৌথ বিবৃতি দেয়। এতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর কথা উল্লেখ করা হয়।জেনারেল থান শোয়ে সফর শুরু করেন ২৫ জুলাই বিহারের বৌদ্ধ তীর্থ বুদ্ধগয়া থেকে। ২৯ জুলাই জামশেদপুরে টাটা মোটরসের কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে তা শেষ হয়।স্বাক্ষরিত চুক্তির আওতায় মিয়ানমারকে তথ্যপ্রযুক্তি উন্নয়ন, শিল্প-কারখানা প্রতিষ্ঠা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দেবে ভারত। ভারত থেকে কৃষিযন্ত্রপাতি কিনতে দেশটিকে এক কোটি ডলার ঋণ দেবে নয়াদিল্লি। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা নিয়েও একটি চুক্তি হয়েছে।এদিকে মিয়ানমার ও ভারতের সম্পর্কের ওপর সজাগ দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র। থান শোয়ের এ সফরের প্রাক্কালে ওয়াশিংটন বলেছিল, নয়াদিল্লি যেন প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগায়। মিয়ানমারে গণতন্ত্রচর্চার পরিবেশ ফিরিয়ে আনতে যেন সহায়ক ভূমিকা রাখে নয়াদিল্লি। সামরিক শাসন অব্যাহত থাকায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আশঙ্কা করা হচ্ছে, চীন ও ভারত নিজেদের স্বার্থেই এতে বাগড়া দেবে।থান শোয়ের সফর থান শোয়ে ২৫ জুলাই বিহারের বুদ্ধগয়ায় যান। এটি একটি বড় বৌদ্ধ তীর্থস্থান। ২৬ জুলাই নয়াদিল্লি পৌঁছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা তাঁকে বরণ করেন। ২৭ জুলাই রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায় অংশ নেন। একই দিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। ২৮ জুলাই হায়দরাবাদে এলঅ্যান্ডটি ইনফোসিটি ও ভারত বায়োটেক সফর। ২৯ জুলাই জামশেদপুরে টাটা মোটরস কারখানা ঘুরে দেখেন। মিয়ানমারে গাড়ির কারখানা খুলতে যাচ্ছে টাটা। ২০১১ সাল থেকে সেখানে ১০০০টি ভারী ট্রাক তৈরির কাজ শুরু করা হবে।