একটি চক্র দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পাথর তুলে বিক্রি করছে
সেন্ট মার্টিনে অবাধে পাথর তোলা চলছেই
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে অবাধে পাথর তোলা চলছেই। একটি চক্র দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পাথর তুলে বিক্রি করছে। এসব পাথর ব্যবহার করা হচ্ছে দ্বীপের বিভিন্ন স্থাপনা নির্মাণকাজে। অথচ ১৯৯৫ সালে দ্বীপের সাড়ে সাত বর্গকিলোমিটার এলাকার ভূখণ্ডকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা করে শামুক, ঝিনুক, পাথর, প্রবাল-শৈবাল আহরণ এবং বিক্রি নিষিদ্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।সরেজমিনে দেখা গেছে, দ্বীপের উত্তর-পশ্চিম ও দক্ষিণ দিকের সৈকত থেকে পাথর তোলা হচ্ছে। মাঝরপাড়া, দক্ষিণপাড়া ও পূর্বপাড়ায় ফসলি জমি থেকেও আহরণ করা হচ্ছে পাথর। এদিকে পশ্চিমপাড়া আশ্রয়কেন্দ্রসংলগ্ন ফসলি জমি থেকে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক।শ্রমিকেরা প্রথমে পাথরের ওপরের ও চতুর্দিকের মাটি সরিয়ে গর্ত খোঁড়েন। পরে খুন্তি দিয়ে পাথরের একটি স্থানে সাত থেকে আট ইঞ্চি গভীর ছিদ্র করে বারুদ ঢুকিয়ে কেরোসিনে ভেজানো সুতার এক মাথা বারুদের মধ্যে রেখে অন্য মাথায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সুতা পুড়ে পাথরের ভেতর রাখা বারুদে স্পর্শ করতেই বিকট শব্দে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।পশ্চিমপাড়ায় পাথর তোলার কাজে নিয়োজিত শ্রমিক আবদুল মতলব, মো. হারুন রশিদ ও আজারা খাতুন জানান, বিভিন্ন হোটেল-মালিকের কাছে বিক্রির জন্য তাঁরা ব্যক্তিমালিকানাধীন জমি থেকে পাথর তুলছেন। প্রতি টিন পাথর তোলার জন্য তাঁরা ৪০ টাকা করে পান। তবে জমির মালিক কে জানতে চাইলে তাঁরা আর কোনো কথা বলেননি।দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী আবদুস শুক্কুর জানান, অবাধে পাথর তোলায় হুমকির মুখে পড়ছে দ্বীপের জীববৈচিত্র্য। বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, কোস্টগার্ডসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়েছে।স্থানীয় লোকজন জানান, দ্বীপ থেকে তোলা পাথর হোটেল, কটেজ, বসতবাড়ি, রাস্তা, সীমানাপ্রাচীর ও দোকানঘর নির্মাণে ব্যবহার করা হয়।সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেম পাথর তোলার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, অবাধে পাথর তোলায় দ্বীপটি হুমকির মুখে পড়ছে। জেলা সদর থেকে এসব তদারক করা সম্ভব হচ্ছে না। তাই দ্বীপে একজন কর্মকর্তা সার্বক্ষণিক রাখার জন্য চেষ্টা চলছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম বলেন, ‘পরিবেশ আইন অমান্য করে পাথর আহরণের খবর আমরা পেয়েছি। এসব বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।’