সেন্ট মার্টিনে কয়েক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমুঠো স্বপ্ন নিয়ে আমাদের পদযাত্রা নীল সমুদ্রের বুকে। তাই কোনো অবস্থাতেই কারও দেরি করা চলবে না। নির্দিষ্ট সময়ের অনেক আগেই সবাই বাসস্ট্যান্ডে হাজির। সেন্ট মার্টিন সার্ভিসে করে সরাসরি টেকনাফে। আমরা ২০ জন, সবাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিবেট ক্লাবের সদস্য। সবকিছু ঠিক করা ছিল অনেক আগেই। ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় আমাদের যাত্রা শুরু। আদিবা, ফারাহ্ ও সাদাব এই ভ্রমণের প্রায় সব কাজই করেছে।শুধু যুক্তিবাদী মানুষ হিসেবেই নয়, ভ্রমণের মাধ্যমে এ দেশকে দেখার ও জানার ইচ্ছা থেকেই এ অভিযাত্রা। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই মনে হয়েছে, এ যেন আমাদের স্বপ্নের যাত্রা শুরু হলো। চোখে সবার অনাবিল স্বপ্ন। কী জানি, সে জন্যই কি না বাসে সবাই ঘুমিয়ে পড়ল। সকাল আটটায় পৌঁছালাম টেকনাফে। কিছুক্ষণ পরপর আদিবা এসে জানান দিত, একটু পরই আমরা সেন্ট মার্টিনে যাব এমভি সোনারগাঁওয়ে করে। সাঁই সাঁই করে এমভি সোনারগাঁও ছুটে চলল দারুচিনি দ্বীপের দেশে। আমাদের চোখে-মুখে তখনো ক্লান্তির ছোঁয়া লাগেনি। সমুদ্রের মাঝে যখন হালকা ঝাঁকুনি খেতে লাগলাম, তখন মনে হচ্ছিল, এই বুঝি অভিযান শুরু হলো। ঠিকঠাকমতোই তিনটার দিকে পৌঁছালাম সেই ছোট্ট স্বপ্নময় সেন্ট মার্টিন দ্বীপে। কী স্বচ্ছ নীল পানি! যতই দেখি, ততই চোখ জুড়িয়ে যায়। সীমানা পেরিয়ে রিসোর্টে কাটল আমাদের দুই দিন, দুই রাত।এ যেন এক অন্য রকম অভিজ্ঞতা। রাতে ক্যাম্প ফায়ার, নাচ, গান, বিতর্ক, বারবি কিউ, কী ছিল না। তার ওপর বিশাল অভিজ্ঞতা হলো ছেঁড়া দ্বীপে যাওয়ার সময়। ট্রলারে সমুদ্র অভিযান। আমাদের সব বন্ধুই ছিল এক অন্য রকম সাহসী ও উদ্যমী। যদিও বীথি একটু কান্নাকাটি করেছিল। তবে তা ছিল অতি খুশিতে চোখে পানি চলে আসার মতো। আমাদের ক্লাব মডারেটর সুবর্ণ বড়ুয়া স্যারকে দেখলাম, যিনি একটু বেশি ভয়ে ছিলেন। জানি না এ ভয় কিসের? সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝাঁকুনি... নাকি... ছাত্রছাত্রীদের জন্য তাঁর অগাধ ভালোবাসার। যদি কিছু হয়ে যায়। রিয়াদ তো ডেকের ওপর বসে পারে না নৃত্য করে। হঠাত্ এক বিশাল ঢেউ ওকে এতটাই শান্ত করে দিল যে ওর মুখের কথাই বন্ধ হয়ে গেল। ভিজে সবাই একাকার হয়ে যখন ছেঁড়া দ্বীপে পৌঁছালাম, তখন সবার আনন্দ আর কে দেখে! হই হই করে সে কী চিত্কার-চেঁচামেচি। যেন কত বছর পর আমরা বন্দীশালা থেকে মুক্ত হলাম। এ তো গেল ছেঁড়া দ্বীপের কথা। আর ক্যাম্প ফায়ারে যে মজা, তা কী করে ভুলে যাবে সবাই। এত আনন্দ, খুশি, বাঁধভাঙা উল্লাস, স্মৃতির কোটরে সারা জীবন জমা হয়ে থাকবে প্রত্যেকের। সৈকত ভাই এটা অবশ্যই মনে রাখবে। কারণ, রাতে ঘুমিয়ে পড়ার অপরাধে তাঁর পা বেঁধে রাখা হয়েছিল। সব সিনিয়রকেই সেদিন কাবু করেছিল জুনিয়র সদস্যরা। এত কিছুর পরও কারও মধ্যে ছিল না কোনো কষ্ট। বেচারা রায়হানের কথা না বললেই নয়। অনেক চালাকি করে শেষ পর্যন্ত তাকেও বেঁধে রাখা হয়েছিল বাঁশগাছের সঙ্গে। সঙ্গে ২০০ টাকা জরিমানা। তবুও তার সে কী আনন্দ। এই তো, অনেক আনন্দের মাঝেও আমরা ভুলে যাইনি ভাষাশহীদদের। কক্সবাজারে রাতে হোটেলে শহীদদের শ্রদ্ধা জানাতে সবাই ধরেছিলাম গান। তন্ময় দা গিটার বাজিয়ে একে একে শোনান অনেক গান। এ সবকিছুই যেন স্বপ্নের মতো। যখন ঢাকায় ফিরলাম, তখন যেন ঘুম থেকে ‘স্বপ্ন’ ভাঙার মতোই জেগে উঠলাম।