সেন্ট মার্টিনে খাওয়ার পানির সংকট কাটছে না
টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে খাওয়ার পানির সংকট কাটছে না। প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে পানির সংকট লেগেই আছে।
সরেজমিনে দেখা গেছে, সেন্ট মার্টিনে অধিকাংশ হোটেল-কটেজ, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে বোতল, জারিকেন ও কলসিতে পুকুরের পানি মজুত করে ‘ফিটকিরি’ মিশিয়ে পান করা হচ্ছে। আবার কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা ‘ফিটকিরি’ মেশানো পানি বোতলে ভরে বিক্রি করছেন।
সেন্ট মার্টিন কটেজ মালিক সমিতির সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, পর্যটন এলাকা হলেও সুপেয় পানির ব্যবস্থা নেই। প্রতিদিন হোটেল-কটেজে যে পরিমাণ পানির প্রয়োজন তার অর্ধেক মিলছে। খাওয়ার পানি না পেয়ে কয়েকটি পুকুর থেকে পানি সংগ্রহ করে ‘ফিটকিরি’ মিশিয়ে পানের ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, সেন্ট মার্টিনে মোট নলকূপের সংখ্যা ৫৭৭। এর মধ্যে ২২৫টিই অকেজো। তা ছাড়া ১২টি পাত কুয়া থাকলেও সেগুলো থেকে পানি পাওয়া যাচ্ছে কম।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরে জেটিঘাট, বাজারপাড়া, পূর্বপাড়া, উত্তরপাড়া, মাঝরপাড়া, পশ্চিমপাড়া, কোনারপাড়া, আশ্রয়ণ, দক্ষিণপাড়া, গলাছিরা ও ডেইলপাড়ায় পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এসব এলাকার অধিকাংশ অগভীর নলকূপে পানি উঠছে না।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নুর আহম্মদ বলেন, ‘সুপেয় পানির সংকটে এলাকাবাসীসহ এখানে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পানির সংকট দূর করার চেষ্টা করব।’
টেকনাফ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ক্য ছাই মং চাক বলেন, ফাল্গুন মাসের শেষের দিক থেকে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ খাতে দীর্ঘদিন ধরে বরাদ্দ না থাকায় কোনো কিছু করা সম্ভব হয়নি। ২০১২ সালের পর নতুন করে কোনো নলকূপই স্থাপন হয়নি দ্বীপে। তিনি আরও বলেন, নতুন করে ছয় শতাধিক অগভীর নলকূপ স্থাপন করা গেলে পানির সংকটের সমাধান হবে। তার পরও এলাকাবাসী ও পর্যটকদের কথা চিন্তা করে কিছু অগভীর নলকূপ স্থাপনের চেষ্টা করা হচ্ছে।